দূরত্ব বাড়িয়ে অতিরিক্ত ভাড়া আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-বরিশাল ও ভোলা-ঢাকা নৌপথে লঞ্চমালিকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এই দুই পথের দূরত্ব বেশি দেখিয়ে মালিকেরা এ ধরনের অপতৎপরতা চালাচ্ছেন। তবে তাঁরা এ অভিযোগ অস্বীকার করেছেন।লঞ্চযাত্রী এবং গত বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ‘ঈদ প্রস্তুতি সভা’য় উপস্থিত বক্তারা এসব অভিযোগ করেন।সভায় উপস্থিত বক্তারা অভিযোগ করেন, ঢাকার লঞ্চগুলোতে রমজান মাসেও তৃতীয় শ্রেণীর ডেকের ১২০, সিঙ্গেল (এক শয্যার) কেবিন ৭০০ এবং ডাবল (দুই শয্যার) কেবিনের ভাড়া ১০০০ টাকা ছিল। এখন ডেকে জনপ্রতি ২৫০, সিঙ্গেল ৯০০ ও ডাবল কেবিনের ভাড়া ১৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চ ছাড়ার কারণে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।বক্তারা আরও অভিযোগ করেন, ঢাকাগামী অনেক লঞ্চে টাকা বেশি নিলেও যাত্রীসেবা খুবই নিম্নমানের। কেবিনগুলোর ভেতরে খুব কম জায়গা রয়েছে। এসব কেবিন নিয়মিত পরিষ্কার করা হয় না।বক্তারা বিআইডব্লিউটিএর কাছে ভোলা-বরিশাল ও ভোলা-ঢাকার নদীপথের দূরত্ব পুনরায় পরিমাপ করার দাবি জানিয়েছেন। বক্তারা বলেন, লঞ্চ মালিক সমিতি বিআইডব্লিউটিএর জরিপ কর্মকর্তাদের ঘুষ দিয়ে নদীপথের দূরত্ব বেশি বানিয়েছে। এই কৌশল অবলম্বন করে তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা-বরিশাল নৌপথের দূরত্ব ৫০ কিলোমিটার দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বাস্তবে এই পথের দূরত্ব ৩৫ কিলোমিটারের বেশি হবে না। কারণ এই পথের দূরত্ব ভোলার খেয়াঘাট থেকে ধরা হয়। কিন্তু ভোলা থেকে বরিশালের লঞ্চগুলো ভোলা খেয়াঘাট থেকে ১৫ কিলোমিটার দূরের ভেদুরিয়া ঘাট থেকে ছাড়ে।গতকাল রোববার ভোরে গ্লোরী অব শ্রীনগরে করে ঢাকা থেকে আসা লঞ্চযাত্রী সদর উপজেলার চরনোয়াবাদের বাসিন্দা আতিয়ার রহমান অভিযোগ করেন, প্রতিটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে ভোলায় এসেছে। রাতে ডেকে শোয়ার জায়গাও ছিল না। কিন্তু তাঁর কাছ থেকে ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।গ্লোরী অব শ্রীনগর নামক লঞ্চের মালিক কামরুল ইসলাম অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ভোলা থেকে ঢাকার দূরত্ব ১৯৬ কিলোমিটার। সরকারি হিসাবে ডেকের ভাড়া হয় ২৫০ টাকা। কিন্তু তাঁরা ২০০ টাকা করে ভাড়া নিচ্ছেন। লঞ্চ মালিক সমিতির নির্বাহী সদস্য গোলাম নবী আলমগীর বলেন, ‘সরকার-নির্ধারিত ভাড়ার বাইরে আমরা একটি টাকাও নিচ্ছি না, বরং কম নিচ্ছি। বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ঘুষ দিয়ে নদীপথের দূরত্ব বাড়িয়েছেন—এ অভিযোগের উত্তরে তিনি বলেন, ‘হতে পারে, তবে সেটি বিআইডব্লিউটিএর ব্যাপার। আমি বলতে পারি না।’ বরিশাল বিভাগীয় বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা কাজী ওয়াকিল নেওয়াজ বলেন, নৌপথে ঢাকা-ভোলার দূরত্ব ১৯৫ কিলোমিটার। লঞ্চভাড়া ২২৫ টাকা। ভোলা-বরিশালের দূরত্ব ৫০ কিলোমিটার। ভাড়া ৬৫ টাকা। ওই হিসাবেই ভাড়া আদায় করা হয়। নদীপথের দূরত্ব বেশি দেখানোর বিষয়ে তিনি বলেন, ‘এত বড় প্রতিষ্ঠানের সার্ভে বিভাগ অনিয়ম করে দূরত্ব পরিমাপ করবে, আমার তা মনে হয় না।’