দূরত্ব ৫০ গজ লাভ সাত টাকা
রংপুরের তারাগঞ্জ হাটের দক্ষিণ দিকে পাইকারি আর উত্তর দিকে সবজির খুচরা বাজার। পাইকারি বাজারে কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা সাত টাকা কেজি দরে বাঁধাকপি ও ফুলকপি কিনছেন। অথচ মাত্র ৫০ গজ দূরের খুচরা বাজার থেকে ১৪ টাকা কেজি দরে সেই কপি কিনছেন ক্রেতারা। মাঝখানে সাত টাকা মুনাফা করছেন ফড়িয়া।
মৌসুমের শুরুতে উৎপাদন খরচ ও খুচরা পর্যায়ে কপির বাজারদরে এমন ফারাকের কারণে বিপাকে পড়েছেন তারাগঞ্জের কপিচাষিরা। সাধারণত কপি চাষ করে অন্য মৌসুমে এ এলাকার চাষিরা ভালো দামই পান। কিন্তু চলতি মৌসুমে লোকসান গুনতে হচ্ছে তাঁদের। তিন সপ্তাহ ধরে কপির পাইকারি দর কমতে কমতে এখন এমন অবস্থা হয়েছে যে কপি বিক্রি করতে গিয়ে উৎপাদন খরচই তুলতে পারছেন না চাষিরা।
চিলবিল গ্রামের চাষি খোকন মিয়া বলেন, গত মৌসুমে এই কপি প্রতি কেজি ১২ থেকে ১৩ টাকায় তিনি বিক্রি করেছেন। এবার বিক্রি করতে হচ্ছে সাত টাকা করে। তবে খুচরা বাজার থেকে ক্রেতারা কিনছেন ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে।
তারাগঞ্জ বাজারে কপি বিক্রি করতে আসা অনন্তপুর গ্রামের চাষি মনছার আলী বলেন, ‘লাভের আশায় কপি আবাদ করবার যেয়া এবার হামরা মাঠে মারা গেছি। ভুঁই থাকি কপি তুলে হাটোত বেচপার নিয়া আসি এমন সস্তা দামে বেচতে হওচে যে আবাদে খরচ করা টাকাও ওঠেছে না।’
ভীমপুর গ্রামের কৃষক ওয়াহেদ আলী জানান, এক একর জমিতে কপি চাষে তাঁর খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। ফলন ভালো হলেও তিনি এখন পর্যন্ত তা বিক্রি করে পেয়েছেন মাত্র ১৬ হাজার টাকা। খেতের বাকি কপি বিক্রি করলে আরও ১৪ হাজার টাকা পাওয়া যেতে পারে। এবার কপি চাষে নিশ্চিত লোকসান দিতে হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তিনি।
খুচরা বাজারের কপি ক্রেতা নিতাই গ্রামের রুবেল ইসলাম বলেন, ‘হাটের এ পাকে এক কেজি কপির দাম ১৪ টাকা। হাটের অপর পাকে কৃষকই এক কেজি কপি বেচে পাওচে মাত্র ৭ টাকা। মধ্যে ৭ টাকা লাভটুকু খায়ছে ফড়িয়ারা।’
তারাগঞ্জ বাজারের খুচরা সবজি বিক্রেতা দুলাল হোসেন বলেন, কমে কিনে বেশি দামে বিক্রি করা দোষের কিছু না। তা ছাড়া খুচরা বাজারের সঙ্গে পাইকারি দরের তুলনা করে লাভ নেই। লাভের আশাতেই সবাই ব্যবসা করে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সরকারি পর্যায়ে বাজার তদারকি না থাকায় শুধু কপির বাজারেই এ অরাজকতা তা নয়; শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের বাজারেই এ বৈষম্য রয়েছে।