দূরদৃষ্টিসম্পন্ন মেয়র চান ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরদৃষ্টিসম্পন্ন ও অসাম্প্রদায়িক মেয়র এবং কাউন্সিলর চান রাঙামাটির নানা শ্রেণি-পেশার ভোটার। এ ছাড়া কাপ্তাই হ্রদকে দূষণমুক্ত এবং হ্রদ ও সড়ক দখল বন্ধ করা, উন্নয়নে সমতা বিধান ও দরিদ্র মানুষের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ চান ভোটাররা।
গতকাল মঙ্গলবার রাঙামাটি শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এমন ভাবনার কথা জানা গেছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাপ্তাই হ্রদবেষ্টিত জেলেপাড়া। জেলেপাড়ার দুটি দ্বীপে বসবাস করছে তিন শতাধিক পরিবার। দ্বীপের বাসিন্দা তরুণ কুমার জলদাস (৫৫) বলেন, ‘ভোট এলে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আমাদের দেখতে আসেন।
অথচ গত ৫০ বছরে আমাদের জায়গাটা ভেঙে প্রায় অর্ধেকে নেমে এসেছে। ভাঙন রোধে কারও কোনো দৃষ্টি নেই। নৌকা ছাড়া মূল শহরের সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। তিন শতাধিক পরিবারের জন্য নলকূপ আছে মাত্র চারটি।’
৯ নম্বর ওয়ার্ডের কাপ্তাই হ্রদবেষ্টিত গ্রাম মৈত্রীনগর। গ্রামে ৮০ পরিবারের বসবাস। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অশ্বিনী কুমার চাকমা (৩৪) বলেন, ‘আমরা একজন সৎ, যোগ্য ও অসাম্প্রদায়িক মেয়র চাই।’
৩ নম্বর ওয়ার্ডের ডিয়ার পার্ক বস্তির নির্মাণশ্রমিক মো. ফয়জুল ইসলাম (৩২) বলেন, ‘আমাদের দেখার কেউ নেই। ভোট দিতে হয়, তাই দেব।’
চট্টগ্রাম সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ৪ নম্বর ওয়ার্ডের ওমদামিয়া হিলের বাসিন্দা রেজাউর রশীদ বলেন, ‘আমি একজন দূরদৃষ্টিসম্পন্ন, শিক্ষিত ও অসাম্প্রদায়িক মেয়র চাই। যাঁর নেতৃত্বে রাঙামাটিতে শান্তি ও সম্প্রীতি গড়ে উঠবে।’
আইনজীবী সুস্মিতা চাকমা বলেন, রাঙামাটিকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে একজন দৃঢ়চেতা মেয়রের প্রয়োজন।