দূরপাল্লার টিকিট বিক্রি শুরু আজ
ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার পথের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ সোমবার।
১৬ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। প্রতিবারের মতো এবারও ভোর থেকেই টিকিট বিক্রি শুরু হবে।
সূত্র জানিয়েছে, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকার কমলাপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেশন থেকে ১ থেকে ৫ অক্টোবর টিকিট বিক্রি হবে সকাল নয়টা থেকে। রেলে ঈদের পরের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে ৩ অক্টোবর থেকে।
পরিবহনমালিকেরা জানান, সাধারণত ঈদের আগের তিন দিনের যাত্রার টিকিটের চাহিদা বেশি থাকে। কিন্তু ঈদের সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলে যাওয়ার কারণে ঈদের আগের এক সপ্তাহের প্রতিদিনেরই টিকিটের চাহিদা বেশি।
অগ্রিম টিকিট ব্যবস্থা চালু থাকলেও বড় পরিবহন কোম্পানিগুলো ছাড়া অন্যরা যাত্রার আগে আগেই টিকিট বিক্রি করে। রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, কলাবাগান, মালিবাগ, রাজারবাগ, ফকিরেরপুল ও মানিকনগরসহ বিভিন্ন স্থানে কাউন্টার রয়েছে বড় পরিবহন কোম্পানিগুলোর।
প্রতিবারই ঈদে অগ্রিম টিকিট বিক্রিতে বাড়তি ভাড়া আদায় ও কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ ওঠে। এই বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয় গত সপ্তাহ আন্তমন্ত্রণালয় বৈঠক করে পরিবহনমালিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পরিবহন মালিক সমিতিগুলোও টিকিট বিক্রি শুরুর লক্ষ্যে গত বৃহস্পতিবার বৈঠক করে।
জানতে চাইলে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের স্বত্বাধিকারী ফারুক তালুকদার গতকাল রোববার প্রথম আলোকে বলেন, অগ্রিম টিকিট বিক্রির প্রস্তুতি সম্পন্ন। সোমবার ভোর থেকেই বিক্রি শুরু হচ্ছে। কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়ার তালিকা সবাইকে মানতে হবে। কালোবাজারি রোধে একজনের কাছে পাঁচটির বেশি টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।