
সকাল সাড়ে সাতটা। কলাবাগান শিশুপার্ক পানির পাম্পসংলগ্ন মিরপুর রোড। সড়কের পাশ ঘেঁষে রাখা আবর্জনার কনটেইনার। কনটেইনার থেকে ট্রাকে আবর্জনা তুলছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এতে সংকীর্ণ হয়ে গেছে ব্যস্ততম মিরপুর রোডের এই অংশ। আর সৃষ্টি হয়েছে যানজটের।
সকাল পৌনে আটটা। সোবহানবাগ মসজিদের সামনের সড়ক। সেখানে যানজটে আটকে আছে দূরপাল্লার দুটি বাস।
এই সড়কে নিয়মিত চলাচলকারী ব্যক্তিরা বলছেন, এই চিত্র প্রতিদিনের। বর্জ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসের কারণে সকালে যানজট শুরু হয়। যার রেশ থেকে যায় সারা দিন।
নিয়ম অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে বর্জ্য আনা-নেওয়ার কাজ শেষ করতে হবে এবং সকাল আটটার মধ্যে রাজধানী ছাড়তে হবে দূরপাল্লার বাসগুলোকে। কিন্তু সিটি করপোরেশন অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে বর্জ্য সংগ্রহের নিয়ম মানছে না। আর সকাল আটটার পরও রাজধানীর ব্যস্ত সড়কে দেখা যায় দূরপাল্লার বাস।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশলী আ হ ম আব্দুল্লাহ বলেন, মাঝেমধ্যে নিয়মের ব্যত্যয় ঘটে। এর কারণে সমস্যার বিষয়টি করপোরেশন অবগত। তিনি বলেন, কলাবাগান শিশুপার্ক পানির পাম্পের পাশে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করা হচ্ছে। ঈদের ছুটি ও বৃষ্টির কারণে নির্মাণকাজ আপাতত বন্ধ আছে। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে। তখন এ সড়কে আর কোনো সমস্যা থাকবে না।
আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, সকাল আটটার মধ্যে রাজধানী ছাড়তে হলে অবশ্যই সাতটার মধ্যে রাজধানীর ভেতর থেকে বাস ছাড়তে হবে। এ নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।