দূরপাল্লার বাস কেবল চকরিয়ায় থামবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার পথে দূরপাল্লার বাস কেবল চকরিয়ায় যাত্রাবিরতি করতে পারবে। বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের বৈঠকের পর গতকাল সোমবার এ সিদ্ধান্ত হয়।নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা, কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা বাসগুলো চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যবর্তী স্টেশন থেকে যাত্রী ওঠাতে পারবে না। গাড়িগুলো বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে যাত্রী তুলে কক্সবাজার যাবে। তবে চকরিয়ায় কেবল যাত্রাবিরতি করতে পারবে। বৈঠক সূত্রে আরও জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যবর্তী পটিয়া, কেরানীহাট, লোহাগাড়া ও ঈদগাঁ থেকে দূরপাল্লার গাড়ির সব ধরনের কাউন্টার আগামী এক সপ্তাহের মধ্যে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। দূরপাল্লার গাড়িগুলো নগরের বহদ্দারহাট টার্মিনাল থেকে ইচ্ছেমতো যাত্রী উঠিয়ে কক্সবাজারের দিকে পরিবহন করতে পারবে। একইভাবে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাবে।জানতে চাইলে নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, দূরপাল্লার বাসগুলো চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যবর্তী চকরিয়ায় কেবল যাত্রাবিরতি করবে। অন্যান্য স্টেশন থেকে যাত্রী ওঠাতে পারবে না। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ও আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আহমেদ বলেন, এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্তটি কার্যকর হলে আমাদের গাড়িগুলোতে যাত্রীর সংকট কেটে যাবে।