দূরপাল্লার বাসে ডাকাতির ৩ ঘটনায় একই চক্র জড়িত থাকার সন্দেহ
দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের তিনটি ঘটনায় গত মাসে মামলা হয়েছে। এর বাইরে একই ধরনের আরও অন্তত তিন ঘটনার বিষয়ে জানতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কোনো ঘটনারই এখন পর্যন্ত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, একই অপরাধী চক্র এসব ঘটনায় জড়িত।
ঢাকার আশুলিয়া, নাটোর ও গোপালগঞ্জে ঘটে যাওয়া তিনটি ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন একাধিক ব্যক্তি। এই তিনটিসহ ছয়টি বাস ডাকাতির ঘটনা বিশ্লেষণ করে পুলিশ বলছে, প্রতিটি ঘটনার ধরন প্রায় একই রকমের। এসব ঘটনার সঙ্গে একই চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে।
ডাকাত দলে ৮ থেকে ১০ জন সদস্য রয়েছেন। তাঁদের বয়স ২৫ থেকে ৪০ বছর। ডাকাতির ক্ষেত্রে তাঁরা দূরপাল্লার বাসকে লক্ষ্যবস্তু করে পরিকল্পনা সাজান। তাঁরা টিকিট কেটে যাত্রীবেশে ভিন্ন ভিন্ন কাউন্টার থেকে বাসে ওঠেন। তারপর সুযোগ বুঝে অস্ত্রের মুখে চালক, চালকের সহকারী ও যাত্রীদের জিম্মি করে সব লুটে নেন। এজন্য সময় নেন ২০ থেকে ৩০ মিনিট।
আশুলিয়ার ঘটনায় গ্রেপ্তার ২
ঢাকার অদূরে আশুলিয়ার নবীনগরে গত ১০ মে দিবাগত রাতে চট্টগ্রাম থেকে বেনাপোলগামী হানিফ পরিবহনের একটি বাস ডাকাতির কবলে পড়ে। এ ঘটনার সঙ্গে বাসচালকের সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ১২ মে হানিফ পরিবহনের ব্যবস্থাপক এস এম রেজাউল করিম মামলা করেন। মামলায় চালক মো. আখিল (৪২), সুপারভাইজার মো. মামুন খান (৪১) ও চালকের সহকারী মো. বিপ্লবসহ (৪০) অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করা হয়। ঘটনাটিতে আখিলসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত পুলিশ ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি।
মামলার এজাহার অনুযায়ী, চালক আখিল নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের কাছে বাস থামান। এ সময় সাত–আটজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বাসে উঠে পড়েন। তাঁদের একজন চালককে সরিয়ে বাসের নিয়ন্ত্রণ নেন। অন্যরা ২৩ জন যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। এ সময় যাত্রীদের কাছ থেকে তাঁরা ৭ লাখ ১৪ হাজার ৮০০ টাকার মালামাল লুট করেন। এরপর ধামরাইয়ের বাথুলি এলাকায় বাসটিকে ঘুরিয়ে ঢাকামুখী লেনে এনে ডাকাতেরা নেমে যান। পরে বাসের চালক, সুপারভাইজার ও চালকের সহকারী বেনাপোলের উদ্দেশে না গিয়ে ঢাকার দিকে রওনা দেন। তাঁরা তিনজন সাভারের মমতাজ ফিলিং স্টেশনে যাত্রীসহ বাসটি রেখে পালিয়ে যান।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক মো. জামাল শিকদার প্রথম আলোকে বলেন, ‘মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা বাসচালক আখিল ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছি। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তবে ডাকাতির ঘটনার বিস্তারিত তাঁদের কাছ থেকে জানা যায়নি। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। দু-একদিনের মধ্যেই মামলার বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা রয়েছে।’
নাটোরের ঘটনার রহস্যও অজানা
নাটোরের ডাকাতির ঘটনাটি গত ২৫ মে রাতের। ওই বাসের অন্তত তিনজন যাত্রীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস নামের বাসে থাকা ৯ যাত্রীবেশী ডাকাত রাত ২টার পর গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা পার হওয়ার পর চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করেন।
পরে তাঁরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে রাত ৩টার দিকে নাটোর সদরের গাজীরবিল এলাকায় নেমে যান। দুদিন পর বাসের সুপারভাইজার মো. মনিরুজ্জামান নাটোর সদর থানায় অজ্ঞাত ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনারও রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি।
বাসটির যাত্রীদের একজন ছিলেন কাপড় ব্যবসায়ী আবদুল আওয়াল। প্রথম আলোকে তিনি বলেন, ডাকাতদের দুজন তাঁর পাশের আসনে যাত্রীবেশে বসেছিলেন। টাঙ্গাইলের এলেঙ্গা পার হওয়ার পর ফাঁকা জায়গায় তাঁদের একজন বাস থামিয়ে টয়লেট করতে নামেন। প্রায় ১০ মিনিট পরও তিনি ফিরে না আসায় আরেক যাত্রী (ডাকাত দলের সদস্য) পানির বোতল দেওয়ার কথা বলে বাস থেকে নামেন। দীর্ঘ সময় পর তাঁরা বাসে ফিরে আসেন। এরপর বাসটি চলা শুরু করে। বনপাড়া পুলিশ চেকপোস্ট অতিক্রম করার আগে বাসে ডাকাতি শুরু হয়।
সাধারণ যাত্রীদের ধারণা, এলেঙ্গা পার হওয়ার পরই হয়তো ডাকাতির পরিকল্পনা ছিল যাত্রীবেশী ডাকাতদের। কিন্তু সেখানে যানবাহনের চাপ থাকায় তাঁরা তা করতে পারেননি। মধ্যরাতে ফাঁকা জায়গায় বাস থামানো নিয়ে যাত্রীদের মধ্যে তখনই গুঞ্জন উঠেছিল। এলেঙ্গায় ডাকাতি না হওয়ায় যাত্রীরা বিষয়টি পুলিশকে জানাননি।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ডাকাতদের ধরতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে সন্দেহভাজন দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাত শনাক্ত হলে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা সম্ভব হবে।
গোপালগঞ্জে ডাকাতেরা অধরা
ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ধূসর বটতলা এলাকায় গত ২৯ মে রাত সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী স্টার লাইন পরিবহনের একটি বাসে ডাকাতি হয়। ১১ দিন পর ডাকাতির মালামাল কেনার অপরাধে একজনকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। তবে ডাকাতির সঙ্গে জড়িতদের এ পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
কাশিয়ানী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবেশে বাসে উঠেছিলেন ডাকাত দলের সাত সদস্য। বাসটি কাশিয়ানীর ধূসর বটতলা এলাকায় আসার পর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে মালামাল, নগদ টাকা, ল্যাপটপ ও মুঠোফোন ছিনিয়ে নেন তাঁরা।
এ ঘটনায় স্টার লাইন পরিবহনের সুপারভাইজার ইমরান হোসেন ওই দিনই কাশিয়ানী থানায় অভিযোগ করেন। পরে ৩ জুন কাশিয়ানী থানা-পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডাকাতি করে নেওয়া একটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি মোবাইলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলার কারণে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। দ্রুতই এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।