দূরপাল্লার বাসে পণ্য বহন, যাত্রীরা জিম্মি
দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী বাসগুলোতে পরিবহন করা হচ্ছে মাছসহ বিভিন্ন পণ্য। দূরপাল্লার সরাসরি সার্ভিসের কথা বলে লক্কড়ঝক্কড় বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হলেও পরিবহনমালিক ও শ্রমিকদের কাছে পণ্য পরিবহনের প্রতিবাদ করতে পারে না যাত্রীরা। তাদের বক্তব্য, একরকম বাধ্য হয়ে বিষয়টি তারা মেনে নিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, একসময় দক্ষিণাঞ্চল ছিল নৌপথনির্ভর। আশির দশক থেকে এ অঞ্চলে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে ওঠে। বর্তমানে পিরোজপুর থেকে অভ্যন্তরীণ ১৮টি রুটে বাস চলাচল করে। এসব বাসের মান ভালো নয়। কোনোটির গ্লাস নেই, আবার কোনোটির সামনের ও পেছনের লাইট নেই। গত বছর পিরোজপুরের পাড়েরহাট সড়কের সামনে একটি লাইট না থাকায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়।পিরোজপুর শহরের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মঠবাড়িয়ায় চাকরি করেন। বাসে করে প্রতিদিন তিনি মঠবাড়িয়ায় যাতায়াত করেন। তিনি বলেন, বাসগুলোর অবস্থা এতটাই খারাপ যে চলতে কষ্ট হয়। শহরের কম্পিউটার ব্যবসায়ী অসীম ব্যাপারী বলেন, অসুস্থ ছোট ভাইকে নিয়ে ১৭ সেপ্টেম্বর তিনি পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে সরাসরি বাসে করে বরিশাল রওনা দেন। কিন্তু বাসটি পিরোজপুর থেকে বরিশাল পৌঁছাতে অন্তত ছয়-সাত জায়গায় থামিয়ে আসন দেওয়ার কথা বলে যাত্রী তুলেছে। কিন্তু অনেক যাত্রীকে দাঁড়িয়ে বরিশাল যেতে হয়েছে। তিনি বলেন, ‘প্রতিবাদ করলে বাসের কর্মচারীরা আমাকে চুপ করে বসে থাকতে বলে।’ মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. পারভেজ তালুকদার জানান, মঠবাড়িয়া-ঢাকা রুটে চলাচলকারী কয়েকটি পরিবহনের ছাদে মাছও টানা হয়। এসব বাসে চড়লে গায়ে মাছের পানি লাগে। পিরোজপুর-নাজিরপুর সড়কে চলাচলকারী একটি বাসের চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি মিনিবাসে চালকের আসনসহ ২৬টি ও বাসে ৩১টি আসন থাকার কথা। কিন্তু মালিকেরা গাড়ির নম্বরটি রেখে প্রতিটি গাড়ির আসনসংখ্যা বাড়িয়ে নেন।২৩ সেপ্টেম্বর পিরোজপুর-বাগেরহাট সড়কের বাগেরহাটের মহিষপুরা ব্রিজের কাছে দেখা যায়, একটি বাসের ছাদে কলা তোলা হচ্ছে। কমফোর্ট পরিবহন নামের ওই বাসটি এ সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম পথে চলাচল করে। যাত্রীবাহী বাসে মালামাল পরিবহন করা যায় কি না—এ প্রশ্নের জবাবে বাসচালক মিজান বলেন, বিষয়টি তাঁর জানা নেই।পিরোজপুর বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আকতারুজ্জামান ফুল দাবি করেন, পিরোজপুর থেকে দূরপাল্লার কোনো বাসের ছাদে পণ্য পরিবহন করা হয় না। তবে কোনো বাস জেলার সীমানা ছেড়ে অন্য জেলায় ঢুকে পণ্য পরিবহন করলে তাঁদের কিছু করার থাকে না।বাগেরহাটে ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শের আলী বলেন, যাত্রীবাহী বাসে মালামাল পরিবহন আইনত দণ্ডনীয়। তবে ট্রাফিক আইনের ১৪৯ ধারায় একটি বাসকে মাত্র আড়াই শ টাকা জরিমানা করা যায়। এ জরিমানা করার পর বাসগুলো তা শোধ করে আবার এ কাজটি করে। তিনি বলেন, এ অপরাধের জন্য বাসগুলোর জরিমানাসহ অন্যান্য শাস্তির বিধান আরও কঠোর হওয়া দরকার।