চট্টগ্রাম-কক্সবাজার পথের বিভিন্ন স্টেশনে দূরপাল্লার গাড়িতে যাত্রী পরিবহন নিয়ে স্থানীয় বাস মালিক সংগঠন আপত্তি জানিয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে মালিক সংগঠনের বৈঠক হয়। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।গতকালের বৈঠকের প্রস্তাবনা নিয়ে আগামী সোমবার আবার বৈঠক হবে বলে জানা গেছে। বৈঠকে বাস মালিক সংগঠনের নেতা ছাড়াও চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ও উপপুলিশ কমিশনার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএর প্রতিনিধি ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাস মালিক সংগঠনের নেতারা চট্টগ্রাম-কক্সবাজার পথে দূরপাল্লার গাড়িতে যাত্রী ওঠানো-নামানো নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি করে আসছেন। বিশেষ করে ঢাকা, ফেনী বা কুমিল্লা থেকে ছেড়ে আসা গাড়িতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের মধ্যে বিভিন্ন স্টেশনে যাত্রী ওঠানোর ব্যাপারে তাঁদের ঘোর আপত্তি। ভবিষ্যতে দূরপাল্লার গাড়ি চট্টগ্রামের মালিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা ছাড়া না নামানোর দাবি জানানো হয়। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা গাড়ি প্রতিদিন ভোর চারটার মধ্যে শাহ আমানত সেতু পার করতে পরিবহন মালিক নেতারা দাবি জানিয়ে আসছেন। বাস মালিক সংগঠন দূরপাল্লার বিলাসবহুল গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এতে একটি কোম্পানির ছয়টির বেশি গাড়ি এই পথে যেন যাত্রী পরিবহন না করে, সেই দাবি জানিয়েছে চট্টগ্রামের বাস মালিক সংগঠন। জানতে চাইলে পুলিশের যানবাহন শাখার উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কমিশনারের কার্যালয়ের বৈঠকে ছয়টি প্রস্তাব উঠে এসেছে। প্রস্তাবগুলো নিয়ে আমরা বাস মালিক সংগঠনের নেতাদের সঙ্গে আবার বসব। এরপর সিদ্ধান্তে আসতে পারব।’তবে সাধারণ যাত্রীরা দূরপাল্লার বিরতিহীন বাসে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলে জানা গেছে। কারণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৬০ কিলোমিটার পথে কেবল একবার এই গাড়ি যাত্রাবিরতি করে। আর দূরপাল্লার নয় চট্টগ্রাম-কক্সবাজার পথের এমন বাসগুলো পাঁচ থেকে ছয়টি স্টেশনে যাত্রী ওঠানো-নামানো করে। এ কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজার বা চকরিয়ায় যেতে আগ্রহী যাত্রীরা ভ্রমণের জন্য দূরপাল্লার গাড়িকে বেছে নিচ্ছে।চট্টগ্রাম বাস মালিক গ্রুপের সভাপতি ও আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দূরপাল্লার গাড়িগুলো চট্টগ্রাম-কক্সবাজার পথের বিভিন্ন স্টেশনে যাত্রী ওঠায়। এতে চট্টগ্রাম-কক্সবাজার পথের গাড়িগুলো যাত্রী কম পাচ্ছে। বিষয়টি আমরা প্রশাসনের কাছে তুলে ধরেছি।’