দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটের প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গতকাল সোমবার ভোরে রাজধানীতে শুরু হয়েছে অলিখিত আরেক প্রতিযোগিতা। এটি হলো ঈদে ঘরমুখী মানুষের দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট কেনার প্রতিযোগিতা। পরিবহন কোম্পানির কাউন্টার থেকে কেউ কাঙ্ক্ষিত টিকিট পেয়ে হাসিমুখে, আবার কেউ ফিরেছেন খালি হাতে।

বাসের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে গতকাল আনন্দ-বেদনার এই দৃশ্য দেখা গেছে গাবতলী, কল্যাণপুর ও মহাখালীতে বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টারের সামনে। বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে ভোররাতে অনেকে কাউন্টারের সামনে এসে সারিতে দাঁড়ান। টিকিট বিক্রি শুরু হয় সকাল সাতটার পর।

সকাল সাড়ে নয়টার দিকে গাবতলীতে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব টার্মিনালে গিয়ে দেখা যায়, অগ্রিম টিকিট কাটতে আসা মানুষের ভিড়। কাউন্টারের সামনে কথা হয় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আল মাহমুদের সঙ্গে। তিনি জানান, ২৪ জুলাই ঠাকুরগাঁও যাওয়ার টিকিট কিনতে তাঁরা ছয় বন্ধু ভোর চারটায় এসে সারিতে দাঁড়িয়েছেন। তখন তাঁদের সামনে আরও কয়েকজন টিকিটপ্রত্যাশী ছিলেন। সকাল ১০টার পর তিনি জানান, তাঁরা ছয়জন একই দিনের ভিন্ন ভিন্ন সময়ের বাসের টিকিট পেয়েছেন। এক বাসের টিকিট পেলে আরও ভালো লাগত। তাঁরা জানান, অন্য সময় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের ভাড়া রাখা হয় ৬০০ টাকা, কিন্তু এখন রাখা হচ্ছে ৮৫০ টাকা।

এ বিষয়ে হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক আবদুস সামাদ দাবি করেন, তাঁরা বেশি ভাড়া নিচ্ছেন না। সরকার-নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। অন্য সময় ভাড়া কম নেওয়া হয়। তাই বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে।

গাবতলী, টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলীতে বিভিন্ন পরিবহনের কাউন্টারে গিয়েও টিকিটপ্রত্যাশীদের ভিড় দেখা গেছে। বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষ ও যাত্রীরা জানান, ২৪, ২৫ ও ২৭ জুলাইয়ের টিকিটের চাহিদা বেশি। উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী এস আর ট্রাভেলসের উপমহাব্যবস্থাপক মো. প্লাবন জানান, ২৪ জুলাই বৃহস্পতিবারের টিকিটপ্রত্যাশী বেশি।

এস আর ট্রাভেলসের কাউন্টারে বেসরকারি চাকুরে কানিজ ফাতেমা জানালেন, তিনি ২৪ জুলাই রংপুর যাওয়ার টিকিট কিনতে এসেছিলেন। কিন্তু ২৪ ও ২৫ তারিখের টিকিট না থাকায় ২৬ তারিখ সকালের টিকিট কিনেছেন।

কয়েকজন টিকিটপ্রত্যাশী অভিযোগ করেছেন, আগে যাত্রীর গন্তব্য অনুযায়ী ভাড়া রাখা হলেও এবার ভাড়া নেওয়া হচ্ছে বাসের শেষ গন্তব্য পর্যন্ত। কল্যাণপুরে এ কে পরিবহনের কাউন্টারের সামনে এই অভিযোগ করলেন আজগর আলী। তিনি জানান, এ কে পরিবহনেই তিনি কয়েক দিন আগে যশোরের টিকিট কেটেছিলেন ৪৮০ টাকায়। এখন ২৪ জুলাইয়ের টিকিট কিনলেন ৬৭০ টাকায়, এটি ওই পথের বাসের শেষ গন্তব্য খুলনার ভাড়া।

এ কে পরিবহনের ব্যবস্থাপক মাহবুবুল আলম বিষয়টি স্বীকার করে বলেন, ঈদে বাসযাত্রী ভরে যাবে, কিন্তু ফিরবে খালি। তাই শেষ গন্তব্য পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে।

কয়েকজন যাত্রী অভিযোগ করেন, তাঁরা সকাল ছয়টায় এসে সারিতে দাঁড়িয়েও ২৪ জুলাইয়ের টিকিট পাননি। দিনাজপুরগামী নাবিল পরিবহনের কাউন্টারে মিরপুরের বাসিন্দা আলতাফ হোসেন বলেন, তিনি দিনাজপুর যাওয়ার জন্য নাবিলসহ বিভিন্ন কাউন্টারে গিয়ে ২৪ তারিখের টিকিট পাননি।

ঈদ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২০ জুলাই থেকে। বিআরটিসির মতিঝিল, কল্যাণপুর, জোয়ারসাহারা, উথলি, গাজীপুর ও নারায়ণগঞ্জ ডিপোতে এই টিকিট পাওয়া যাবে।