দূরপাল্লার বাসের টার্মিনাল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্যপট সৈয়দপুর হাইস্কুল মাঠ এলাকা। দূরপাল্লার কয়েকটি বাস থামে ওই তল্লাটে। রাত তখন সোয়া ১১টা। ঢাকাগামী এক নারী যাত্রী পড়লেন বিড়ম্বনায়। চোখে-মুখে রাজ্যের বিরক্তি। একরকম অব্যক্ত যন্ত্রণা যেন তাড়া করছে তাঁকে। একপর্যায়ে নীরবতা ভাঙতেই হলো। একজন পুরুষ যাত্রীকে উদ্দেশ করে বললেন, ‘ভাই, একটু সহযোগিতা চাই! বলতে পারেন, এখানে টয়লেটটা কোথায়?’ ঘটনাটি গত বুধবার রাতের। অস্থায়ীভাবে দূরপাল্লার বাসস্ট্যান্ড গড়ে উঠলেও সেখানে নেই কোনো শৌচাগারের ব্যবস্থা ও যাত্রীছাউনি। হরহামেশা ওই নারী যাত্রীর মতো অনেককেই পোহাতে হয় দুর্ভোগ।নীলফামারীর সৈয়দপুর শহরে আজ পর্যন্ত একটি দূরপাল্লার বাসের জন্য পৃথক টার্মিনাল গড়ে ওঠেনি। যত্রতত্র কয়েকটি পয়েন্টে কোচগুলো যাত্রী ওঠানামা করালেও সেখানে নেই যাত্রীছাউনি, শৌচাগারের ব্যবস্থা।গত বছরের ২৯ জুন সৈয়দপুর শহরের অভ্যন্তরে ঢাকাগামী একটি কোচে চাপা পড়ে তিন ব্যক্তির মৃত্যু হয়। সেই থেকে শহরে দিবা ও নৈশকোচ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। কিন্তু কোচ বন্ধ হলেও শহরে দিনের বেলায় বড় বড় ট্রাক ও কাভার্ডভ্যানের প্রবেশ বন্ধ হয়নি। ভুক্তভোগী বাসযাত্রী নবিউল ইসলাম বলেন, কোচ প্রবেশে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও যন্ত্রদানব ট্রাকের কারণে আরও বেশি শঙ্কা থাকে। যাত্রী আরমান হোসেন বললেন, অনির্ধারিত স্থানে কোচগুলো স্টপেজ দেওয়ায় দূরপাল্লার যাত্রীরা চরম ঝুঁকিতে পড়েছেন। সম্প্রতি তিনি পার্বতীপুর সড়ক মোড় থেকে কোচে চড়তে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।সৈয়দপুরের কোচ কাউন্টারের ব্যবস্থাপকদের নেতা আবদুল কুদ্দুস স্বপন জানান, দুর্ঘটনা আকস্মিক। জনদুর্ভোগ লাঘবে রাতের কোচগুলো শহরের মধ্য দিয়ে চলাচল করতে দেওয়ার ব্যাপারে সবার সহযোগিতা দরকার। সৈয়দপুর কোচ কাউন্টারের ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল জানান, গভীর রাতে কোচগুলো শহরে ঢুকলে যাত্রীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে।যাত্রী-দুর্ভোগ সম্পর্কে নীলফামারীর জেলা প্রশাসক জিল্লুর রহমান প্রথম আলোকে জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে হলে কোচমালিকদের নিজেদের উদ্যোগী হতে হবে। সৈয়দপুর শহর অনেক বেশি ব্যস্ততম। এতে শহরের ভেতর দিয়ে কোচ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তাই শহরের বাইরেই পৃথক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কোচমালিকেরা ওই পৃথক স্থানে যাত্রীছাউনি, টয়লেটসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করবেন। এ ক্ষেত্রে প্রশাসন সমন্বয়কের ভূমিকায় থাকতে পারে।