দূরপাল্লার বাসের ভাড়া বৃদ্ধির ঘোষণা আসতে পারে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরপাল্লার পথে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২৩ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে ভাড়া বাড়ানো নিয়ে গঠিত ব্যয় বিশ্লেষণ কমিটি। গতকাল সোমবার কমিটির প্রধান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আয়ুবুর রহমান খান যোগাযোগ মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দিয়েছেন। আজ মঙ্গলবার মন্ত্রণালয় বর্ধিত ভাড়ার হার ঘোষণা করতে পারে। সরকার সম্প্রতি প্রতি লিটার ডিজেলের মূল্য সাত টাকা বৃদ্ধি করে। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বিআরটিএর একটা ভিত্তি পদ্ধতি আছে। এতে জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে হারাহারি বাসের ভাড়া বৃদ্ধি পায়। সে হিসেবে ডিজেলের মূল্য সাত টাকা বৃদ্ধির জন্য বাস ভাড়া সাত পয়সা বৃদ্ধি পায়। অতীতেও জ্বালানি তেলের সঙ্গে হারাহারিভাবে বাসভাড়া বেড়েছে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ভাড়া নির্ধারণের লক্ষ্যে গঠিত ব্যয় বিশ্লেষণ কমিটির বাসমালিক সমিতির প্রতিনিধিরা সারা দেশের মতো রাজধানী ঢাকা ও চট্টগ্রামেও ভাড়া বাড়ানোর জন্য চাপ দেন। কিন্তু ঢাকা ও চট্টগ্রামে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়নি। আজ মঙ্গলবার যোগাযোগমন্ত্রীর নেতৃত্বে মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই বর্ধিত ভাড়ার হার ঘোষণা করা হতে পারে।