দূরপাল্লার যান চলাচল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার অভ্যন্তরীণ রুটগুলোতে স্বল্পসংখ্যক বাস চলাচল করলেও দূরপাল্লার যানবাহন পুরোপুরি বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অন্যদিকে বিরোধী জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির কারণে খুলনা নগরে থমথমে ভাব বিরাজ করছে।
নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জনসাধারণের চলাচল কম। অল্পসংখ্যক রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। নগরের প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। র‌্যাব, পুলিশ ও বিজিবির টহল চলছে। নগরের কোথাও ১৪ ও ১৮ দলের কোনো কর্মসূচিও দেখা যায়নি।
পিটিআই মোড় এলাকায় ইজিবাইকের জন্য অপেক্ষা করছিলেন নগরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা কামরুল শেখ। তিনি বলেন, অন্য দিন হলে ইজিবাইকের চালকেরা টানাটানি শুরু করে দিতেন, আজ পাওয়াই যাচ্ছে না। সবাই খুব ভয়ে আছে কখন কী হয়। একটি গুরুত্বপূর্ণ কাজ আছে বলে বের হয়েছি, তা না হলে বের হতাম না।’
রূপসা ও সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা ও কাউন্টারগুলোতে ঘুরে দেখা গেছে, অনেক যাত্রী কাউন্টারে বসে আছেন। আবার অনেকে বিকল্প ব্যবস্থা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে নছিমন, করিমন, আলমসাধু, ইজিবাইক ও মাহিন্দ্রতে করে যাওয়ার চেষ্টা করছেন।
সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছিলেন সাইমা খানম। তিনি বলেন, ‘মা খুব অসুস্থ, তাঁকে দেখতে যাব পিরোজপুরে। এই বাচ্ছা আর ব্যাগ নিয়ে বড় বিপদে পড়েছি। বাস বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ইজিবাইকে যেতে হচ্ছে। কিন্তু ভয় হচ্ছে, আমাদের লাশ না বাড়ি পৌঁছায়! এভাবে একটি স্বাধীন দেশে বেঁচে থাকা যায় না।’
রূপসা-পিরোজপুর রুটের বাসচালক মো. শফিকুল বলেন, ‘ভাই, বাস ছাড়ার কোনো উপায় নেই। এক দিকি সরকারি দল, অন্য দিকি বিরোধী দল। গাড়ির সাথে জান (জীবন) হারানো ভয়ে গাড়ি চালাচ্ছি নে।’
খুলনা আন্তজেলা বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আজ সকাল থেকে দু-একটি বাস বাগেরহাটে গেছে। বাস্তায় যাত্রী না থাকায় এই অবস্থা।