বগুড়ায় সরকারি অ্যাম্বুলেন্স আছে ১৪টি। এর মধ্যে জেলার বাইরে রোগী বহনে সক্ষম মাত্র একটি। এ কারণে মুমূর্ষু রোগীদের রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে হয় বেসরকারি অ্যাম্বুলেন্সে। এর প্রায় সব কটি মাইক্রোবাস কেটে বানানো। আইন ভেঙে ব্যক্তিমালিকানায় চালানো হয় এসব অ্যাম্বুলেন্স।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্স আছে। এর মাত্র একটি জেলার বাইরে রোগী বহনে সক্ষম। ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে একটি মাত্র অ্যাম্বুলেন্স আছে। তা-ও ৪০ বছরের পুরোনো। আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে এবং বগুড়া ও শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি অ্যাম্বুলেন্স আছে। তবে শিবগঞ্জ, কাহালু ও শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স নেই। জেলা তথ্যবাতায়নের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় লোকসংখ্যা ২৯ লাখ ৮৮ হাজার ৫৭৭ জন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম মাসুদ আহসান প্রথম আলোকে বলেন, ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ৮৫০ থেকে ৯০০ জন রোগী ভর্তি থাকে। প্রতিদিন বহু মুমূর্ষু রোগীকে জরুরি বিভাগে আনা হয়। অনেক সময় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীসহ অন্য হাসপাতালে পাঠাতে হয়। হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্স থাকলেও এর দুটির বগুড়ার বাইরে রোগী বহনের সক্ষমতা নেই।
গত ২২ সেপ্টেম্বর হাসপাতালটির জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, বাইরে ১২টি বেসরকারি অ্যাম্বুলেন্স রাখা। সব কটিই মাইক্রোবাস কেটে তৈরি করা। ওই দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত একজন মুমূর্ষু রোগীকে ঢাকায় নিতে স্বজনেরা ৯ হাজার টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন।
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী ভর্তি থাকে। প্রতিদিন জরুরি বিভাগে অনেক মুমূর্ষু রোগীকে অন্যত্র স্থানান্তরের প্রয়োজন পড়ে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান বলেন, মাত্র একটি অ্যাম্বুলেন্স আছে। এটি স্বাধীনতা-পরবর্তী সময়ে পাওয়া। এটি প্রায়ই বিকল হয়ে যায়। এই অ্যাম্বুলেন্সে বগুড়ার বাইরের হাসপাতালে রোগী পাঠানো সম্ভব নয়।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই। অন্য ১১ উপজেলার মধ্যে শিবগঞ্জ, শাজাহানপুর ও কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো অ্যাম্বুলেন্স নেই। আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স থাকলেও সেগুলো জেলার বাইরের হাসপাতালে রোগী বহনে সক্ষম নয়।
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনুস আলী প্রথম আলোকে বলেন, তাঁদের বগুড়া ও শেরপুর স্টেশনে দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু জেলা শহরের বাইরে রোগী নিয়ে যাওয়ার মতো অবস্থায় একটিও নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে প্রায় ৫০টি। প্রায় সব কটি বানানো হয়েছে মাইক্রোবাস কেটে। বেশির ভাগই ব্যক্তিমালিকানাধীন। যদিও ব্যক্তিমালিকানায় অ্যাম্বুলেন্স চালানো বেআইনি।
সিভিল সার্জন অর্ধেন্দু দেব বলেন, অ্যাম্বুলেন্সের সংকট প্রকট। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা শহরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ওই উপজেলার সদর ও বিভিন্ন গ্রাম থেকে ভ্যান-অটোরিকশায় মুমূর্ষু রোগীদের জেলা শহরে আনতে হয়। এ কারণে অনেক রোগীর জীবন বিপন্ন হয়। সেখানে জরুরি অ্যাম্বুলেন্স দরকার।