দূরে পরীক্ষা কেন্দ্র, প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
সাত কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রতিবাদে নীলফামারীর ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা গতকাল বুধবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
শহরে বা আশপাশে কেন্দ্র করার দাবিতে সকালে পাঁচ শতাধিক শিক্ষার্থী ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। পরে মিছিলটি শহরের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ ডিমলা ইসলামিয়া কলেজের পরীক্ষার্থীদের জনতা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এ বছর ওই কলেজ থেকে ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, উপজেলা সদর থেকে জনতা ডিগ্রি কলেজ কেন্দ্রের দূরত্ব সাত কিলোমিটার। সেখানে পরীক্ষার্থীদের থাকার সুব্যবস্থা না থাকায় তাদের চরম বিড়ম্বনায় পড়তে হবে। এ কারণে তারা তাদের কেন্দ্র ইসলামিয়া ডিগ্রি কলেজে বা শহরের আশপাশে করার দাবি জানায়।
অন্যথায় তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে ১৩ হতে ১৫ মার্চ কালো ব্যাজ ধারণ, ১৭ মার্চ বিক্ষোভ ও ছাত্র সমাবেশ, ১৮ থেকে ২০ মার্চ উপজেলা সদরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, ২৩ মার্চ প্রধান সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন এবং ২৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও অনশন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে।