দূরে হওয়ায় ফি জমা দিতে গিয়ে হয়রান মোটরযানের মালিকেরা
নীলফামারী জেলার মোটরসাইকেলসহ যেকোনো মোটরযানের নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্সসহ মোটরযান-সংশ্লিষ্ট সব রকমের ফি জমা দিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার মোটরযান মালিকেরা। টাকা জমা দেওয়ার নির্ধারিত ব্যাংকটি জেলা শহর থেকে ২২ কিলোমিটার দূরে হওয়ায় এ ভোগান্তি হয় বলে জানান বিআরটিএ কর্তৃপক্ষ ও ভুক্তভোগীরা।
জেলা সদরে অবস্থিত বিআরটিএর কার্যালয় থেকে মোটরযান-সংশ্লিষ্ট অর্থ দেওয়ার নির্ধারিত ব্যাংক জেলা শহর থেকে ২২ কিলোমিটার দূরে সৈয়দপুর উপজেলায়। গত বুধবার সরেজমিনে বিআরটিএ কার্যালয়ে গিয়ে দেখা যায়, দূরদূরান্ত থেকে এখানে লোকজন মোটরসাইকেল রেজিস্ট্রেশনের কাজে এসেছেন। কাজ সেরে সংশ্লিষ্ট বিষয়ে সরকার নির্ধারিত ফি জমা দিতে তাঁদের সৈয়দপুরের ব্যাংকে যেতে বলা হচ্ছে।
এ সময় কথা হয় ডোমার উপজেলার চিলাহাটি এলাকার ব্যবসায়ী হাসিবুল আলমের সঙ্গে। তিনি অভিযোগ করেন, ‘প্রায় ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করে গতকাল বৃহস্পতিবার এসেছিলাম জেলা সদরে বিআরটিএ কার্যালয়ে। সেখানে কাজ শেষ হলে কার্যালয়ের লোকজন রেজিস্ট্রেশন ফি জমা দিতে সৈয়দপুরের ব্র্যাক ব্যাংকে যেতে বলেন। তখন দুপুর গড়িয়ে যাওয়ায় বাড়ি ফিরে যাই। আজকে বাড়ি থেকে প্রায় ৬৭ কিলোমিটার পথ অতিক্রম করে সৈয়দপুরের ব্র্যাক ব্যাংকে টাকা জমা দিয়ে আবার এখানে এসেছি জমা রসিদ দিতে।’
স্কুলশিক্ষক ভূপেন্দ্র নাথ রায় বলেন, বিআরটিএ কার্যালয় এবং টাকা জমা দেওয়ার ব্যাংকের দূরত্বের কারণে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করাতে দুই দিন ব্যয় করতে হলো। জেলা শহরেই টাকাটা জমা দেওয়ার ব্যবস্থা থাকলে সময় এবং ভোগান্তি দুটোই কম হতো। জেলা সদরেই যাতে সংশ্লিষ্ট টাকাটা জমা দেওয়া যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ ব্যাপারে বিআরটিএ নীলফামারী সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পরিচালক (যান্ত্রিক) এ টি এম আবদুল আউয়াল বলেন, ‘সরকারিভাবেই আমাদের সঙ্গে সিএনএস লিমিটেড নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। বিআরটিএর মোটরযান সংশ্লিষ্ট যাবতীয় ফির টাকা জমা নিতে ব্র্যাক ব্যাংককে তারাই নির্ধারণ করেছে। জেলা সদরে ব্র্যাক ব্যাংকের কোনো শাখা নেই। তাই এখানকার মানুষকে টাকা জমা দিতে সৈয়দপুর শহরে যেতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এতে স্থানীয়ভাবে আমরাও নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমরাও চাই নীলফামারীতে কোনো ব্যাংকের মাধ্যমে টাকা জমার ব্যবস্থা করা হোক। এ সমস্যার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’