দূরের যাত্রী কম, বিপাকে শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা অবরোধ-হরতালে দূরপাল্লার বাস চলাচল কমে গেছে অনেকটাই। কিছু বাস চললেও কাঙ্ক্ষিত যাত্রী পাওয়া যাচ্ছে না। তাই অনেক বাসেরই নির্ধারিত যাত্রা বাতিল করতে হচ্ছে। ছবিটি রাজধানীর সায়েদাবাদ থেকে তোলা। ছবি: হাসান রাজা
টানা অবরোধ-হরতালে দূরপাল্লার বাস চলাচল কমে গেছে অনেকটাই। কিছু বাস চললেও কাঙ্ক্ষিত যাত্রী পাওয়া যাচ্ছে না। তাই অনেক বাসেরই নির্ধারিত যাত্রা বাতিল করতে হচ্ছে। ছবিটি রাজধানীর সায়েদাবাদ থেকে তোলা। ছবি: হাসান রাজা

‘গাড়ির চাকা ঘুরলে আমাগো খাওন হয়, না ঘুরলে খাওন জোটে না। পরিবার নিয়ে খুব কষ্টে আছি আমরা।’ টানা অবরোধে নিজের কথা এভাবে জানাচ্ছিলেন হানিফ এন্টারপ্রাইজের চালকের সহকারী মো. মোমিন। গত মঙ্গলবার সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় তাঁর সঙ্গে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ-হরতালে মোমিনের মতো বিপাকে পড়েছেন পরিবহন খাতের সঙ্গে যুক্ত স্বল্প আয়ের মানুষেরা।
আজ রোববার অবরোধের ৭৬ তম দিন। পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, টানা অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচল অনেক কমে গেছে। সম্প্রতি কিছু বাস চললেও কাঙ্ক্ষিত যাত্রী পাওয়া যাচ্ছে না। এ কারণে অনেক বাসের নির্ধারিত যাত্রা বাতিল করতে হচ্ছে। ফলে বাস শ্রমিকেরা কর্মহীন থাকছেন। আর গতকাল শনিবার পর্যন্ত আগুন দেওয়া হয়েছে ৭৩০টি যানবাহনে। ভাঙচুর করা হয়েছে ৬৬০টি গাড়ি।
মোমিন স্ত্রী, ছেলে ও মা-বাবাকে নিয়ে থাকেন সায়েদাবাদের কেরানির গলিতে ভাড়া বাসায়। তিনি জানালেন, ‘আট দিন পর আজ গাড়িতে এসেছি। ট্রিপের অপেক্ষায় আছি। কখন ট্রিপ হবে তাও জানি না।’ তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে নিজের আয় দিয়ে সংসার চালিয়ে মা-বাবাকে দিতে পারতেন। কিন্তু এখন আর পারছেন না। অবরোধে বসে থাকলে হাজিরা বাবদ কোম্পানি ৫০ টাকা দেয়। তা দিয়ে পকেট খরচই হয় না, সংসার চালাব কি দিয়ে।’ এরই মধ্যে দুই মাসের ঘর ভাড়া বাকি পড়েছে বলে জানালেন তিনি।
দূরপাল্লার বাসের একাধিক চালক ও সহকারীর সঙ্গে কথা বলে জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে একই দিনে ফিরে আসতেন তাঁরা। একদিন পর আবার ট্রিপ পেতেন। আর এখন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পর সেখানেই তিন-চার দিন বসে থাকতে হচ্ছে। পকেটের টাকা থেকে খেতে হচ্ছে।
বাসের চালক আনোয়ার হোসেন জানান, গত রোববার (১৫ মার্চ) কক্সবাজার থেকে গাড়ি নিয়ে ঢাকা এসেছেন। মঙ্গলবারও তাঁর সিরিয়াল আসেনি। তিনি বলেন, দুদিন বসে আছি। কোনো আয় নাই। বসে খেতে হচ্ছে। এ অবস্থায় কীভাবে চলছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘বাঁচতে তো হইব, ধার-দেনা করে কোনো রকম চলতাছি। হরতালে তাগো (রাজনীতিবিদদের) কি? মরণ তো আমাগো।’ আরেকটি বাসের চালকের সহকারী খান মো. মোহন জানালেন, তিনি তিন দিন ধরে বসে আছেন। কিন্তু ট্রিপের কোনো খবর নেই।
দূরপাল্লার বাসের চালক কামাল হোসেন বলেন, জরুরি প্রয়োজন ছাড়া মানুষ দূরের পথে বের হচ্ছে না। তাই যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে ট্রিপও নেই।
টানা অবরোধের মধ্যে বড় কোম্পানিগুলো কোনো রকমে চললেও ছোট কোম্পানি ও মালিকদের অবস্থা বেশ করুণ। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা বিসমিল্লাহ পরিবহনের চালকের সহকারী বাপ্পী জানান, অল্প কয়েকজন যাত্রী নিয়ে চট্টগ্রাম গিয়েছিলেন, আবার কয়েকজন যাত্রী নিয়ে ফিরেছেন। এতে যে আয় হয়েছে, কোনো রকমে খরচ উঠেছে। মালিককে কিছুই দিতে পারেননি।
সায়েদাবাদ বাস টার্মিনালে মালিক সমিতির দূরপাল্লার গাড়ির লাইনম্যান মো. আবদুল মতিন বলেন, ‘ভাই কী আর কমু, পকেটে দুই শ ট্যাহা ছিল, চারজনরে দুপুরে খাওয়াইছি। এতেই বুইজা নেন আমাগো কী অবস্থা।’
হানিফ এন্টারপ্রাইজের সায়েদাবাদ কাউন্টারের ব্যবস্থাপক মো. আবদুল আলিম জানান, যাত্রী না পেলে অনেক সময়ই ট্রিপ বাতিল করতে হচ্ছে। এখনো মানুষের মধ্যে বেশ আতঙ্ক রয়েছে। তাই যাত্রীর সংখ্যাও তুলনামূলক অনেক কম।
শ্যামলী পরিবহনের কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তা মো. রাসেল জানান, বর্তমানে চট্টগ্রামে কিছু যাত্রী থাকলে সিলেট ও কক্সবাজার রুটে যাত্রীর সংখ্যা একেবারেই কম। এ কারণে যাত্রী না পেয়ে অনেক সময় যাত্রা বাতিল করতে হচ্ছে।
মহাখালী টার্মিনাল থেকে ঢাকা-শেরপুর পথে সোনার বাংলা পরিবহনের গাড়ি স্বাভাবিক সময়ে ২৫ মিনিট পরপর ছেড়ে যায়। কিন্তু যাত্রী কম থাকায় এখন এক ঘণ্টা পরপর ছাড়ছে। পরিবহনটির কাউন্টার প্রধান শফিকুল ইসলাম জানান, গতকাল শনিবার সকাল থেকে কেবল একটি গাড়িতে সর্বোচ্চ ১৫টি টিকিট বিক্রি করেছেন।
একই টার্মিনাল থেকে ঢাকা-নেত্রকোনা পথে হজরত শাহজালাল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার ইমাম হাসান জানান, ৪০ আসনের প্রতিটি গাড়িতে ১০-১৫ জন যাত্রী নিয়েই ছাড়তে হচ্ছে। তিনি বলেন, ‘আমরা খুবই কষ্টে আছি। ছেলেমেয়ের পড়াশোনার খরচ দিতে পারছি না। মো. হোসেন নামের এক চালক বলেন, ‘আমাগো এভাবে পুড়ায় না মাইরা বিষ দিলেই পারে। বিষ খেয়ে মরলে কষ্ট কম হইব।’
ঈগল পরিবহনের গাবতলীর কাউন্টার মাস্টার জয়ন্ত রায় চৌধুরী জানালেন, আগে ৩০-৩৫টি বাস চলাচল করলেও এখন সর্বোচ্চ ১৫টি বাস চলাচল করছে। এ ক্ষেত্রে প্রায়ই দেরিতে গাড়ি ছাড়তে হচ্ছে।
গতকাল শনিবার গাবতলীর রজব আলী মার্কেটে এস আর ট্রাভেলসের কাউন্টারে গিয়ে দেখা যায়, সেখানে কেবল মো. আবু বকর নামের একজন কর্মী বসে আছেন। তিনি বলেন, হরতাল-অবরোধের কারণে এসি বাস চলাচল বন্ধ রয়েছে। কেবল ছুটির দিনে দু-একটি চলছে। অন্য দিনগুলোতে কেবল নন এসি বাস চলছে। তাও সংখ্যায় অনেক কম। তিনি জানান, স্বাভাবিক সময়ে যেখানে ৬০-৬৫টি বাস উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যেত, বর্তমানে সেখানে পাঁচ-সাতটি বাস ছেড়ে যাচ্ছে। এগুলো দুপুর ১২টার আগেই ঢাকা ছাড়ছে। দুপুরের পর যাত্রী না থাকায় বাস ছাড়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।