দূর্দানার জয়গাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিনয়ে স্বর্ণ ও আবৃত্তিতে রৌপ্যপদক অর্জন করেছে দূর্দানা l সৌরভ দাশ
বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিনয়ে স্বর্ণ ও আবৃত্তিতে রৌপ্যপদক অর্জন করেছে দূর্দানা l সৌরভ দাশ

ছোটবেলা থেকেই অভিনয়, আবৃত্তি ও গানে মেয়েটির সমান পারদর্শী। এসব বিষয়ে যেকোনো প্রতিযোগিতা মানেই তার হাতে পুরস্কার। এ পর্যন্ত অর্ধশতাধিক পুরস্কার ঝুলিতে পুরেছে সে। বেতার ও বাংলাদেশ টেলিভিশনে শিশুশিল্পী হিসেবেও সে তালিকাভুক্ত। তার নাম শেখ ফাইরুজ নাওয়াল চৌধুরী। তবে তাকে সবাই চেনে দূর্দানা নামে।
গত ১২ মার্চ চট্টগ্রামের মেয়ে দূর্দানার পেখমে যোগ হয়েছে আরও দুটি পালক। বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলা কর্তৃক আয়োজিত ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৫’–তে অংশ নিয়ে অভিনয় বিভাগে প্রথম হয়ে স্বর্ণপদক ও আবৃত্তি বিভাগে রৌপ্যপদক অর্জন করেছে সে।
ধারাবাহিক বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী দূর্দানা এর আগে গত বছর বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু–কিশোর প্রতিযোগিতায় অভিনয় বিভাগে সারা দেশে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক অর্জন করে। ২০১৪ সালের মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় দ্বিতীয় হয় সে।
গানের জগতেও দূর্দানার দুর্দান্ত বিচরণ বলে জানান তার বাবা অধ্যাপক মঈনুল হক চৌধুরী ও মা আবৃত্তিশিল্পী নিশাত হাসিনা শিরিন। তাঁরা জানান, মেয়ের অভিনয় শেখার হাতেখড়ি টেলিভিশন থেকেই হয়েছে। নাটক দেখে দেখে অভিনয় শেখে সে। ছোটবেলায় টেলিভিশন পর্দায় নাটক দেখার পর আয়নার সামনে দাঁড়িয়ে চরিত্রগুলো অনুকরণ করত সে। এভাবেই বড় হতে হতে অভিনয়ের প্রতি ঝোঁক বাড়ে তার।
অভিনয়টা টেলিভিশনের মাধ্যমে হলেও দূর্দানা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত। বর্তমানে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদের সদস্য সে। তার গানের হাতেখড়ি হয়েছে একেবারে বোল ফোটার সময়। সেন্ট মেরিস বিদ্যালয়ে কেজিতে পড়ার সময় মা তাকে ভর্তি করিয়ে দেন শিশু একাডেমির সংগীত বিভাগে। সেখানে চার বছরের কোর্স সম্পন্ন করে সে।
এসব সাফল্য প্রসঙ্গে দূর্দানা বলে, ‘পরিবারের অনুপ্রেরণায় আমার এত দূর আসা। তবে আমার সবচেয়ে বেশি নির্ভরতার জায়গা আমার মা। তিনি আমার সবকিছু ঠিকমতো গুছিয়ে দেন। ভুল হলে বকা দিতেও ছাড়েন না।’
সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি পড়ালেখায়ও সিরিয়াস দূর্দানা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থীর স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের জন্য কিছু করা। অভিনয়, আবৃত্তি আর গানকেও সঙ্গী হিসেবে রাখার ইচ্ছে তার।