দূষণ ও ভরাটে বিপর্যস্ত চট্টগ্রামের দুটি খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সঙ্গে মিশে যাওয়া চাক্তাই ও রাজাখালী খাল ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এই খাল দুটির স্থানে স্থানে ভরাট হওয়ার পাশাপাশি পানি দূষিত হয়ে পড়েছে। নগরের পানিনিষ্কাশনের অন্যতম এই খালগুলোয় মৃদু স্রোত থাকলেও পানির রং কালো।গত বর্ষা মৌসুমের আগে নগরের ৪১ নম্বর ওয়ার্ডের খাল ও নালা-নর্দমা সংস্কার বাবদ সিটি করপোরেশন ১০ কোটি টাকা ব্যয় করে। আরেকটি বর্ষার আগেই খালগুলোর অবস্থা এখন বেহাল। আগামী বর্ষার আগেই খাল খনন করা না হলে ফের জলাবদ্ধতায় পড়তে পারে চট্টগ্রাম নগর।জানা গেছে, চাক্তাই খাল দিয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণেই মূলত নগরের বিভিন্ন স্থানে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা যায়। এ ছাড়া রাজাখালী খালও নগরের পানিনিষ্কাশনের আরেকটি বড় পথ। এই খাল দুটির দুই পাড়সংলগ্ন এলাকায় রয়েছে চার থেকে ছয়টি কাঁচাবাজার। এসব বাজারের ময়লা-আবর্জনার পাশাপাশি গৃহস্থালির ময়লাও গিয়ে পড়ে এখানে। রয়েছে কাঁচা পায়খানাও। ফলে নাব্যতা, গভীরতা ও প্রশস্ততা হারিয়ে ফেলেছে খাল দুটি। সরেজমিনে দেখা গেছে, খাল দুটির বিভিন্ন স্থানে ভরাট হওয়ার চিত্র দেখা গেছে। নগরের বাদুরতলা জঙ্গি শাহ মাজার এলাকার চাক্তাই খালের ভেতরের অংশ মাটিতে ভরাট হয়ে পড়েছে। অবশিষ্ট অংশটিতে পলিথিন ও ময়লা-আবর্জনায় ভর্তি। জঙ্গি শাহ মাজার লেনের খালের পাড়ে অবস্থিত দারুল কালাম ভবনের তত্ত্বাবধায়ক মাকসুদ আলী জানান, এখানে ১০ মিনিট বৃষ্টি হলেই কোমর সমান পানিতে সয়লাব হয়ে যায়।বাকলিয়ার মিয়া খাঁ সওদাগর পোল এলাকায়ও চাক্তাই খালের ভেতরে মাটি ভরাট হয়ে আছে। খালের মুখের পানিও কালো। রাজাখালী খালের মুখের পানিও কালো রঙের। খালটির বাকলিয়া অংশের কয়েকটি স্থানে ভরাট হয়ে পড়েছে। ফলে পানি চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয়। সম্প্রতি চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইদ্রিস আলীর নেতৃত্বে কয়েকজন ছাত্র এ দুটি খালের ভরাট ও দূষণ নিয়ে গবেষণা চালান। তিনি জানান, খাল দুটির বিভিন্ন অংশে বাজার রয়েছে। এ ছাড়া গৃহস্থালি ও পয়ঃবর্জ্যের কারণে খাল দুটি ভরাট ও দূষিত হয়ে পড়েছে। স্থানে স্থানে পলি জমে নাব্যতা হারিয়ে গেছে। পানির রং কালো। এ ছাড়া গভীরতা ও প্রশস্ততা কমে গেছে। সিটি করপোরেশন জলাবদ্ধতাসংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী জানান, পাহাড়ি মাটির কারণে চাক্তাই ও রাজাখালী খাল স্থানে স্থানে ভরাট হয়ে গেছে। এ ছাড়া ময়লা-আবর্জনা তো রয়েছেই। আগামী বর্ষার আগে এসব খালে নতুন করে খনন কাজ চালানো হবে।