দূষণ দখলমুক্ত নদীর দাবিতে করতোয়ায় নৌকাবাইচ

হেমন্তের বেলা শেষে গতকাল শুক্রবার ছিল মিঠে-কড়া রোদ। আর বগুড়া শহরতলির করতোয়া নদীর তীরে ছিল মানুষের ঢল। তারা ভিড় করেছিল করতোয়ার বুকে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে। নদীটিকে দখল-দূষণের হাত থেকে বাঁচাতে ‘নদী বাঁচাও, করতোয়া বাঁচাও’ স্লোগানে এ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং স্থানীয় বেজোড়া যুব উন্নয়ন সংঘ।
সরেজমিনে দেখা গেছে, শহরতলির বেজোড়া-ডেফলতলা থেকে ষষ্ঠীতলা পর্যন্ত করতোয়া নদীর প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। তা উপভোগের জন্য বিকেল গড়াতেই নদীর দুই পাড়ে ভিড় করে নারী-পুরুষের দল। নৌকাবাইচ উপভোগের পাশাপাশি করতোয়া দখল-দূষণমুক্ত রাখার প্রত্যয় জানান তাঁরা। বাইচে এবার চারজন মাঝির নেতৃত্বে চারটি নৌকা অংশ নেয়। এগুলো হলো গাবতলী উপজেলার নশীপুর গ্রামের তিন বন্ধু নৌকা, জাহাঙ্গীরের নৌকা, শাকিবের নৌকা এবং ছোট্ট ইটালি গ্রামের শহিদুলের নৌকা।
বিকেল চারটায় বেজোড়া ঘাটে দেখা গেছে, পানির কল কল শব্দ ছাপিয়ে নদীর দুই পাড় থেকে ভেসে আসছে মানুষের উচ্ছ্বাস। নৌকাগুলোর দলনেতা ঢোল-বাদ্যের তালে তালে মাল্লাদের ‘বইঠা ফেলাও, হেইও! বইঠা ফেলাও, হেইও!’ বলে উৎসাহ আর নির্দেশনা দিচ্ছেন। প্রতিযোগীরা নৌকা নিয়ে যত আগাচ্ছে, দর্শনার্থীরাও ততটাই উল্লাসে ফেটে পড়ছে। সময় যত গড়িয়েছে, মানুষের ভিড়ও তত বেড়েছে।
নৌকাবাইচ দেখতে আসা শহরের মালতিনগরের আফতাব উদ্দিন বলেন, একসময় করতোয়ার বুকে নিয়মিত নৌকাবাইচ হতো। কিন্তু দখলে-দূষণে নদী পানিশূন্য হয়ে পড়ায় করতোয়ার বুক থেকে এই উৎসব হারিয়ে গেছে। এত দিন পর নৌকাবাইচ দেখে প্রাণটা ভরে গেল।
প্রতিযোগিতায় অংশ নেওয়া মাঝি মিনহাজুর রহমান বলেন, ‘যমুনা ও বাঙালি নদীতে প্রতিবছরই নৌকাবাইচ উৎসবে দলবলসহ অংশ নিই। কিন্তু করতোয়া নদীতে এ রকম উৎসব হয় না। এখানে এ আয়োজনের কথা শুনেই তাই দলবলে ছুটে এসেছি। কারণ দখল আর দূষণে করতোয়া মরে গেছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দের পাশাপাশি করতোয়া বাঁচানো এবং নদী দখলমুক্ত করার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি আমরা।’
প্রতিযোগিতায় প্রথম হয়ে তিন বন্ধু নৌকা দলের মাঝি মিনহাজুর রহমান পুরস্কার হিসেবে পান একটি এলইডি টিভি। দ্বিতীয় স্থান অর্জনকারী জাহাঙ্গীরের নৌকার দলনেতা জাহাঙ্গীর আলম একটি মুঠোফোন, শাকিবের নৌকার শাকিবুল ইসলাম তৃতীয় পুরস্কার হিসেবে মুঠোফোন এবং শহিদুলের নৌকার দলনেতা শহিদুল সান্ত্বনা পুরস্কার পান।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকাবাইচ উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় নদী বাঁচানোর দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ও কার্যনির্বাহী সদস্য আবদুল হান্নান, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আতিকুর রহমান, মতিয়ার রহমান, আবু সাইদ সিদ্দিকী, এ বি এম জিয়াউল হক এবং বেজোড়া যুব উন্নয়ন সংঘের সভাপতি আজিজার রহমান বক্তব্য দেন।