
জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য পানিতে নির্দিষ্ট মাত্রায় দ্রবীভূত অক্সিজেন অপরিহার্য। কিন্তু রাজধানীর গুলশান লেকে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। একদিকে যেমন দূষিত হচ্ছে গুলশান লেক, তেমনি চলছে দখল ও ভরাট।
গুলশান লেকের দূষণ, দখল ও ভরাটের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন না করাকে দায়ী করছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। পবার দাবি—লেকের দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থ।
গতকাল বুধবার সংগঠনটি ‘গুলশান লেকের দূষণ, দখল ও ভরাটের বর্তমান চিত্র’ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাজধানীর কলাবাগানে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। এতে তিনি বলেন, পবা ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে গুলশান লেকের দ্রবীভূত অক্সিজেন নিয়মিতভাবে পরীক্ষা এবং দখল ও ভরাট পর্যবেক্ষণ করছে। বনানী, গুলশান, বারিধারা, কালাচাদপুর এলাকায় গৃহস্থালি বর্জ্য ও পুরোনো ভবনের ভাঙা অংশ ফেলে লেক ভরাট করা হচ্ছে। বাঁশের ঘর, চা-পানের দোকান তুলে গুলশান লেক দখল করা হচ্ছে।
১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১ লিটার পানিতে ৫ মিলিগ্রাম মাত্রায় দ্রবীভূত অক্সিজেন থাকতে হবে। কিন্তু ২০১৪ সাল থেকে গুলশান লেকে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বিশ্লেষণ করে দেখা যায়, বিভিন্ন এলাকায় লেকের পানিতে অক্সিজেন আছে শূন্য দশমিক ২ থেকে ৪ মিলিগ্রাম পর্যন্ত। এর কারণে পবার পর্যবেক্ষণের সময় প্রচুর পরিমাণে মরা মাছ ভাসতে দেখা গেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দখল ও ভরাটের কারণে লেকের বর্তমান আয়তন ১০০ একরে নেমে এসেছে। কিন্তু রাজউকের গুলশান লেক প্রকল্পের পরিচালক মো. মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পবার হিসেবে নিশ্চয়ই ভুল আছে। বর্তমানে গুলশান-বারিধারা লেকের আয়তন ২৯৮ দশমিক ৫ একর।’
পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, ‘রাজউক পুরোপুরি ব্যর্থ। তাদের নাকের ডগায় দখল হয়ে যাচ্ছে। লেকের আয়তন কমেছে। তারা দখলের সুযোগ করে দিচ্ছে। আর লেকের আশপাশের বাড়িঘর থেকে লেকে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। গুলশান সোসাইটির দায়িত্ব তাঁদের সদস্যদের সচেতন করা।’
প্রকল্প পরিচালক মো. মনোয়ার হোসেন বলেন, ‘লেকের আশপাশে যেসব বাড়িঘর আছে সেগুলো থেকে লেকে ময়লা ফেলা হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের প্রকল্পের কাজ চলছে। হাঁটাপথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হয়েছে। প্রকল্পের কাজ কীভাবে আরও ত্বরান্বিত করা যায় তা নিয়ে আলোচনাও চলছে।’
গুলশান সোসাইটি কর্তৃপক্ষ জানায়, লেককে পরিষ্কার রাখা ও লেককে বাঁচানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। লেকের আশপাশে বসবাসকারীদের সচেতন করার ফলে অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু লেকের মধ্যে পয়োনিষ্কাশনের সংযোগ দিয়ে দূষিত করা হচ্ছে। সীমিত সময়ের মধ্যে লেকের উন্নয়নের জন্য ক্র্যাশ প্রোগ্রাম দরকার।
গুলশান লেকের উন্নয়নে পবার তুলে ধরা সুপারিশের মধ্যে ভরাট ও দখল রোধে রাজউক কর্তৃক কার্যকর উদ্যোগ, গৃহস্থালি ও হাসপাতাল বর্জ্য যাতে লেকে ফেলা না হয় সে জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের পদক্ষেপ নেওয়া, পয়োবর্জ্য পরিশোধনে ঢাকা ওয়াসার ব্যবস্থা গ্রহণ এবং লেক রক্ষায় সংশ্লিষ্ট আইনসমূহের যথাযথ প্রয়োগ অন্যতম।