রাজধানী ঢাকার দূষণ নিয়ে চিন্তিত বহু মানুষ ও সংগঠন। শিশুরাও এর বাইরে নয়। একটি প্রতিযোগিতায় শিশুরা দূষণ নিয়ে তাদের চিন্তা ফুটিয়ে তুলেছে ছবি এঁকে, প্রকল্প তৈরি করে। খুঁজেছে মুক্তির উপায়ও।
শিশুদের জন্য গতকাল শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘এইচএসবিসি অ্যান্ড দ্য ডেইলি স্টার জুনিয়র ক্লাইমেট চ্যাম্পিয়নস ২০১৪’-এর ঢাকা অঞ্চলের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৭০টি বিদ্যালয়ের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী এতে অংশ নেয়।
প্রতিযোগিতায় কেউ ছবি এঁকেছে, কেউ তুলে ধরেছে বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব প্রকল্প। ফাইজুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থী নাজমুল ফাতাহ এঁকেছিল সবার ঢাকামুখী হওয়ার ছবি। শিশুরা অংশ নিয়েছে গ্রিনহাউসের প্রভাব, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, যানজট, জলবায়ু ইত্যাদি বিষয় নিয়ে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায়ও। সকাল ১০টায় শুরু হওয়া প্রতিযোগিতা বিকেল পাঁচটায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। ছবি আঁকা, উপস্থিত বক্তৃতা, কুইজ ও প্রকল্প উপস্থাপন—এই চারটি বিষয়ে মোট ৮০ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম সৃজনশীলতা দিয়ে পরিবেশ রক্ষায় কাজ করার কথা বলেন শিশুদের। তিনি বলেন, পরিবেশের পরিবর্তন বুঝতে হবে। আর এসব কিছুর জন্য সবার আগে দেশকে ভালোবাসার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক ও রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান সুবহানী।