দূষণ রোধে ব্যবস্থা হবে
চট্টগ্রামের হালদা নদী ও সাভারের চামড়া শিল্পনগরীর দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধ ও নাব্যতা বৃদ্ধিসংক্রান্ত টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সিদ্ধান্ত হয়, নদীতীরে ধর্মীয় স্থাপনা বিষয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। সভায় জানানো হয়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জের জন্য ২ হাজার ৫৮৬টি সিএস জরিপ ম্যাপ এবং ২ হাজার ৭৩টি আরএস জরিপ ম্যাপ সংগ্রহ করা হবে। টাস্কফোর্সের প্রধান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি