দূষণকারী ট্যানারির টাকায় ভৈরবেই কাল নৌকাবাইচ
যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদদূষণের দায়ে জরিমানা হওয়া এসএএফ ইন্ডাস্ট্রিজ নামের একটি ট্যানারির আর্থিক সহায়তায় ওই নদে নৌকাবাইচের আয়োজন করেছে নওয়াপাড়া পৌরসভা।অভয়নগর উপজেলার ভৈরব নদে আগামীকাল শুক্রবার তালতলা থেকে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ নৌকাবাইচে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান এবং এসএএফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেখ মমিন উদ্দিনের উপস্থিত থাকার কথা। মধ্যপুর গ্রামের ইমারুল ইসলাম বলেন, ‘যারা নদ মেরে ফেলছে, তাদের টাকায় ভৈরবে নৌকাবাইচ হচ্ছে। কী অদ্ভুত ব্যাপার!’ পরিবেশ অধিদপ্তরের খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, ভৈরব নদদূষণের অভিযোগে পরিবেশ অধিদপ্তর ঢাকা ও খুলনা কার্যালয়ের একটি যৌথ দল ২০১০ সালের ২৮ নভেম্বর উপজেলার তালতলায় নদ তীরবর্তী এসএএফ ইন্ডাস্ট্রিজকে ৬৯ লাখ ৮৭ হাজার ১৩৬ টাকা জরিমানা করে। এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধ ও ছয় মাসের মধ্যে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের জন্য ট্যানারিটিকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রায় দুই বছরেও ট্যানারি কর্তৃপক্ষ ক্ষতিপূরণের ওই টাকাও পরিশোধ করেনি, স্থাপন করেনি ইটিপি।পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক তরুণ কান্তি শিকদার প্রথম আলোকে জানান, ১৯৭৯ সালে কারখানাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিদিন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ৬০০ লিটার ধাতু ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম মিশ্রিত বর্জ্য সরাসরি নদে ফেলছে। এসব বর্জ্য মানবদেহে ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে। তিনি বলেন, কারখানাটিকে বারবার নদদূষণ বন্ধে নোটিশ দেওয়া হচ্ছে। কিন্তু তারা দূষণ ঘটিয়েই চলেছে; জরিমানার টাকা দিতেও গড়িমসি করছে। ইটিপি স্থাপনের জন্য তারা একটা নামমাত্র পরিকল্পনা জমা দিয়েছিল, তাঁরা সেটা অনুমোদন দেননি। আগে জরিমানার টাকা দিতে হবে। তারপরই কেবল তাদের সঙ্গে সমঝোতা হবে বলে মন্তব্য করেন তিনি।নওয়াপাড়া পৌরসভার মেয়র রবিউল হোসেন বলেন, এসএএফ ইন্ডাস্ট্রিজ নৌকাবাইচে আর্থিক সহায়তা করছে। এতে দোষের কিছু নেই। তবে ভৈরবদূষণের ব্যাপারে কোনো রকম ছাড় নেই। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে কোনো কথা নেই। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী বলেন, ‘জরিমানার টাকা প্রদান ও বর্জ্য পরিশোধনাগার স্থাপনে ট্যানারি কর্তৃপক্ষ ছলচাতুরী করেই চলেছে। ভৈরবদূষণও থেমে নেই। একাধিকবার তাদের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিয়েও তা সম্ভব হয়নি। তারা বলছে, তাদের শিল্প রপ্তানিমুখী। তাদের জরিমানা মওকুফ করা হোক। রাতারাতি ইটিপি স্থাপনও তাদের পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘আমরা অচিরেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’এসএএফ ইন্ডাস্ট্রিজের এমডি সেখ মমিন উদ্দিন বলেন, ‘আমরা ভালো সংস্কৃতিতে বিশ্বাসী। তাই এ নৌকাবাইচে স্পন্সর করেছি। জরিমানার টাকা মওকুফের জন্য আমরা পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছি। আর ইটিপি স্থাপনের প্রক্রিয়াও শুরু করেছি।’ তিনি দাবি করেন, তাঁর ট্যানারি ভৈরবের পানিদূষণ করছে না।