দূষণকারীর বিরুদ্ধে মামলা করতে পারবে ক্ষতিগ্রস্তরা
পরিবেশদূষণের কারণে ক্ষতিগ্রস্ত যে কেউ দূষণকারীর বিরুদ্ধে সরাসরি মামলা করতে পারবে। প্রস্তাবিত পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০-এ এই বিধান যুক্ত করা হয়েছে। ১৯৯৫ সালের পরিবেশ আইনটি সংশোধন করে গত ১৪ জুলাই জাতীয় সংসদ অধিবেশনে তা উত্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী অধিবেশনে আইনটি পাস হবে।আগে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পক্ষে শুধু পরিবেশ অধিদপ্তর মামলা করতে পারত। সংশোধিত আইনে জলাধার ভরাট, পাহাড় কাটা, ঝুঁকিপূর্ণ বর্জ্য, জাহাজ ভাঙা বা কাটার ফলে সৃষ্ট দূষণ এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকার নিয়ম ভঙ্গ করলে বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা হয়েছে। পরিবেশবিদেরা এই সংশোধনকে স্বাগত জানিয়েছেন।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন সংসদে অনুমোদনের পরপরই দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি জানান, আইন বাস্তবায়নের জন্য প্রতিটি জেলায় পরিবেশ আদালত স্থাপন করা হচ্ছে।আইনে বলা হয়েছে, শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প শুরু করতে হলে পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী স্থানীয় ব্যক্তিদের মতামত গণশুনানির মাধ্যমে নেওয়ার পর ছাড়পত্র দেওয়া হবে। আইনে দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যবহূত যন্ত্রপাতি ও আনুষঙ্গিক বাজেয়াপ্ত বা বিনষ্টের জন্য আদালত আদেশ দিতে পারবেন।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে চলতি বছরের জুনের মধ্যে সব শিল্পপ্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু নতুন আইনে এক বছরের সময় বেঁধে দেওয়া হয়েছে।আইনে বলা হয়েছে, জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণী পরিবর্তন করা যাবে না। সরকারি ভূমি রেকর্ডে চিহ্নিত নদী, খাল, বিল, হাওর, বাঁওড়, দিঘি, পুকুর, জলাশয় অথবা সরকার, স্থানীয় সরকার বা সরকারি কোনো সংস্থার গেজেটে প্রজ্ঞাপন দিয়ে ঘোষিত জলাভূমি, বন্যাপ্রবাহ এলাকা, সলল পানি ও বৃষ্টির পানি ধারণ করে, এমন কোনো ভূমি জলাধার হিসেবে চিহ্নিত হবে।এ আইন লঙ্ঘন করলে প্রথম অপরাধের কারণে সর্বনিম্ন দুই বছর সশ্রম কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা করা যাবে। পরবর্তী প্রতিটি অপরাধের কারণে কমপক্ষে দুই বছর জেল বা দুই লাখ টাকা জরিমানা ও সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা যাবে।পাহাড় ও টিলা সম্পর্কে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন অথবা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করতে পারবে না। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, অপরিহার্য জাতীয় প্রয়োজনে অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে পাহাড় বা টিলা কর্তন বা মোচন করা যাবে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরিবেশবিদ আইনুন নিশাত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, নতুন ধারাগুলো পরিবেশবাদীদের আন্দোলনের ফল। তবে নতুন আইন বাস্তবায়ন নিশ্চিত করতে জেলায় জেলায় পরিবেশ আদালত স্থাপন করার কথা বলেন তিনি।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, আগের আইনে অধিকাংশ বিষয় ছিল মহাপরিচালকের ওপর নির্ভরশীল। ফলে বাস্তবায়ন ঠিকভাবে করা যায়নি। ক্ষতিগ্রস্ত মানুষ নিজে মামলা করতে পারবে, এমন বিধান থাকায় এখন তা বাস্তবায়ন সহজ হবে।