দূষণমুক্ত রাঙামাটি শহর চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান জনগণ। একই সঙ্গে দূষণমুক্ত পর্যটন শহর গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তাঁরা। গতকাল মঙ্গলবার বিকেলে রাঙামাটি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বক্তারা এসব কথা তুলে ধরেন।

বিকেল পাঁচটায় শহরের তবলছড়ি পাবলিক কলেজ মাঠে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রাঙামাটি শাখার সহযোগিতায় রাঙামাটি পৌরসভা ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মো. আবকর হোসেন চৌধুরী। বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সদস্য নিরুপা দেওয়ান, কাউন্সিলর নিজাম উদ্দিন। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক ও পরিকল্পনা তুলে ধরেন নগর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা। উপস্থিত ছিলেন রাঙামাটির সচেতন নাগরিক কমিটির সভাপতি চাঁদ রায়, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলো রানী আইচ প্রমুখ।

তবলছড়ির বিজন মুনি চাকমা ও মো. আবু সায়েদ চৌধুরী বলেন, রাঙামাটি পৌর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সেই সব অবৈধ স্থাপনার কারণে পৌর শহরের সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। বিভিন্ন এলাকায় ব্যাপক দূষণ বেড়ে গেছে। পরিবেশদূষণ রক্ষাকল্পে পৌরসভা কি কোনো পদক্ষেপ নিচ্ছে?

আসামবস্তির আজগর আলী বলেন, পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রায়ই সড়কবাতি নষ্ট থাকে। রাঙামাটি শহরের অফিসার্স কলোনির মো. সেলিম খান ও মো. আবদুল সালাম বলেন, তবলছড়ি বাজারে একটি সেতু খুবই প্রয়োজন। পৌর শহরে বিভিন্ন সময় ব্যাপক সরকারি গাছ কাটা হচ্ছে। সেই অনুসারে গাছ লাগানো হচ্ছে না। এতে পরিবেশের বিরূপ প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেন, পৌর শহরে কিছু গাছ কাটা হয়েছে, এটা সত্য। কিন্তু সেগুলো কাটা হয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায়। আগামী বছর বা সামনের বর্ষায় পৌর শহরে পাঁচ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।