দূষণমুক্ত সুন্দরবনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় ‘দূষণমুক্ত সুন্দরবন চাই’ স্লোগান নিয়ে নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল বুধবার মানববন্ধন অনুষ্ঠিত ও গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে।
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) উদ্যোগে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সমিতির মহাসচিব মেয়র শামিম আল রাজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম ইসাহক আহমেদ ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এদিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১০টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের উদ্যোগে স্থানীয় পরিবেশবাদী সংগঠন মুক্তজীবন এর আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন চান্দাইকোনা হাজি ওয়াহেদ-মরিয়ম কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক, সীমাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, রক্তটীকা খেলাঘরের সভাপতি হেলাল উদ্দিন, মুক্তজীবন সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
পরে সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথ বন্ধসহ জীববৈচিত্র্য বজায় রাখতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়।