দূষণে বিপর্যস্ত কর্ণফুলী
দূষণে বিপর্যস্ত হয়ে পড়ছে কর্ণফুলী নদী৷ দূষণের প্রভাবে গত ৩৫ বছরে বিলুপ্ত হয়ে গেছে ২২ প্রজাতির মাছ৷ দূষণের মাত্রা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে এ নদী নাব্যতা হারাবে৷ হুমকির মুখে পড়বে চট্টগ্রাম বন্দর।
গবেষক ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ৮৮ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ নদীর দুই তীরে রয়েছে প্রায় ৮০০ কারখানা৷ এসব কারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি পড়ছে কর্ণফুলী নদীতে৷ এর সঙ্গে যুক্ত হচ্ছে নগর ও আশপাশের ৬০ লাখ মানুষের গৃহস্থালি এবং পয়োবর্জ্য৷ এ ছাড়া নদীতে চলাচলরত প্রায় দুই হাজার নৌযানের পোড়া তেলে বিপর্যস্ত কর্ণফুলী৷
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘কর্ণফুলীতে এখনো জোয়ার-ভাটা রয়েছে৷ তবে এটা মনে করার কোনো কারণ নেই যে নদীটি দূষিত হচ্ছে না৷ প্রতিদিন বিভিন্ন কলকারখানা, গৃহস্থালি ও পয়োবর্জ্যে নদী দূষিত হচ্ছে৷ দিন দিন এই মাত্রা বাড়ছে৷’
চলতি বছরে কর্ণফুলী দূষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে ছয় কোটি টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান৷
ছড়িয়ে পড়ছে দূষণ: ২০১০ সালে পরিবেশ অধিদপ্তরের এক জরিপে দেখা গেছে, নদীতীরের ১৪১টি ছোট-বড় কারখানা দূষণের সঙ্গে জড়িত৷ দূষণকারী এসব কারখানার মধ্যে ৩৫টি লাল তালিকাভুক্ত (অতি দূষণকারী)৷
দূষণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কর্ণফুলী পেপার মিল (কেপিএম) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের অপরিশোধিত বর্জ্য অন্যতম৷ এ ছাড়া বিভিন্ন তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দূষণের জন্য দায়ী করেছে অধিদপ্তর।
অধিদপ্তর সূত্রে জানা যায়, কারখানাগুলো থেকে প্রতিদিন অপরিশোধিত তরল রাসায়নিক বর্জ্য সরাসরি বিভিন্ন খাল ও নর্দমার মাধ্যমে কর্ণফুলী নদীতে পড়ে৷ এর মধ্যে কেবল সিটি করপোরেশন এলাকার বিভিন্ন বাসাবাড়ির তরল ও কঠিন বর্জ্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্ণফুলীতে গিয়ে মেশে৷