দূষণে মাছ নেই ময়ূর নদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খুলনা নগরের ময়ূর নদ কানায় কানায় ভরে আছে। কিন্তু দূষণের শিকার নদটির পানিতে বর্ষা মৌসুমেও দ্রবীভূত অক্সিজেনের (ডিও) মাত্রা অনেক কম। এ কারণে এই নদে মাছ বাঁচে না। এর পানি জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। বিশেষজ্ঞরা এ হুঁশিয়ারি দিয়েছেন।
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, মৎস্য ও জলজ প্রাণীর জীবন ধারণের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন প্রতি লিটারে ৫ মিলিগ্রাম বা এর ওপরে থাকা প্রয়োজন।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে প্রতি মাসে ময়ূর নদের গল্লামারী সেতুর তিনটি পয়েন্টে পানির দূষণমাত্রা পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়। মে ও জুনে ডিওর মাত্রা ছিল শূন্য দশমিক ৮ মিলিগ্রাম/লিটার। জুলাইয়ে ২ দশমিক ১ এবং আগস্টে ২ দশমিক ৫ মিলিগ্রাম/লিটার।
গত শনিবার জানতে চাইলে কার্যালয়টির জুনিয়র কেমিস্ট এস এম শরীফুর রহমান প্রথম আলোকে বলেন, গত মাসের (সেপ্টেম্বর) রেকর্ড এখনো আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়নি। তবে ডিওর মাত্রা ছিল ২ দশমিক ৩।
ময়ূর নদের পানির মান উন্নয়নের জন্য পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয়ের পরিচালক মল্লিক আনোয়ার হোসেন ২০ সেপ্টেম্বর অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, খুলনা নগরের পশ্চিম পাশ দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত ২২ কিলোমিটার দীর্ঘ নদটির ডিওর মান নিচে নেমে যাওয়ার পেছনে শহরের অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা দায়ী। এই বর্জ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ডিওর মান উন্নয়ন করা যেতে পারে। এতে আরও বলা হয়েছে, জনসংখ্যার আধিক্য, অবকাঠামোগত উন্নয়ন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বিষয়ে অসচেতনতা, অপর্যাপ্ত পানিপ্রবাহসহ জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঐতিহ্যবাহী নদটি শীতলক্ষ্যা ও তুরাগের মতো দূষণের পর্যায়ে পৌঁছেছে। এই নদীর পানির ডিওর মান সারা বছরই গ্রহণযোগ্য মাত্রার চেয়ে কম থাকে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, পানিতে ডিওর মাত্রা প্রতি লিটারে ৬ মিলিগ্রামের নিচে নেমে গেলে ছোট ছোট মাছ বাঁচে না, প্রাণীবৈচিত্র্য নষ্ট হয়ে যায়। ময়ূর নদে বছরের বেশির ভাগ সময় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ শূন্যের কোঠায় থাকে। বর্ষায় কিছুটা বাড়লেও তাতে কিছু শৈবাল, ব্যাকটেরিয়া ও কই, টাকি প্রজাতির মাছ ছাড়া অন্য কোনো মাছ ও জলজ প্রাণীর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল উন্নয়ন বিভাগের শিক্ষক ও ময়ূর নদের গবেষক তুষার কান্তি রায় বলেন, শহরের অপরিশোধিত বর্জ্য ও গল্লামারীর কসাইখানার বর্জ্য ময়ূর নদে পড়ে। কসাইখানার বর্জ্য নদে অক্সিজেন কমে যাওয়ার জন্য অনেকাংশে দায়ী। এক প্রশ্নের জবাবে এই গবেষক বলেন, ময়ূর নদ নিয়ে বিভিন্ন সময় কাজ করার সময় তাঁরা জেলেদের সঙ্গে কথা বলে জেনেছেন, নদে মাছ আর তেমন পাওয়া যায় না। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস বলেন, শহরের ২৬টি নালা থেকে বর্জ্যমিশ্রিত পানি ময়ূর নদে পড়ছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) খুলনার বর্জ্য ব্যবস্থাপনার জন্য বড় অঙ্কের টাকা দিচ্ছে। জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হলে ময়ূর নদের দূষণ অনেকাংশে কমবে।