দূষণের দায়ে কারখানা বন্ধ
অপরিশোধিত তরল বর্জ্য ফেলে শীতলক্ষ্যা দূষণ ও বর্জ্য শোধনাগার প্ল্যান্ট (ইটিপি) ছাড়া কারখানা চালানোর দায়ে নারায়ণগঞ্জের একটি ডাইং কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রূপগঞ্জ উপজেলার তারাবতে অবস্থিত মেসার্স অপূর্ব ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড নামের ওই কারখানা গত বুধবার বন্ধ করে দেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া জানান, অপূর্ব ডাইং কারখানাটি ইটিপি ছাড়াই চলছিল। কাপড় রঙের অপরিশোধিত তরল বর্জ্য কারখানা থেকে নর্দমার মাধ্যমে সরাসরি শীতলক্ষ্যা নদীর সংযোগ খালে ফেলা হতো। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর গত ১৮ সেপ্টেম্বর কারখানাটি পরিদর্শন করে ১২ লাখ ৯৭ হাজার ৮২০ টাকা জরিমানা করে। জরিমানা আদায়ের পরও কারখানা কর্তৃপক্ষ উৎপাদন অব্যাহত রাখে। পরে গতকাল পরিবেশ অধিদপ্তর তিতাস গ্যাস ও পল্লী বিদ্যুতের সহায়তায় কারখানার গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করে দিয়েছে।
নিষিদ্ধ পলিথিন আটক: পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুল আলম গতকাল সকালে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বাবুল পলি প্যাকেজিং স্টোর ও এফ হক প্যাকেজিং স্টোরে অভিযান চালিয়ে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন। প্রতিষ্ঠান দুটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।