দূষণের দায়ে পাঁচ কারখানার ৬৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদী ও পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার পাঁচটি ডাইং কারখানাকে ৬৫ লাখ টাকা জরিমানা করেছে অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে অধিদপ্তর ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি এবং বাইপাসের মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করেছে এমন পাঁচটি কারখানা চিহ্নিত করা হয়। পরে ওই পাঁচ কারখানার মালিক বা প্রতিনিধিকে আজ পরিবেশ অধিদপ্তরের ঢাকার প্রধান কার্যালয়ে তলব করা হয়। পরে শুনানি গ্রহণ করে তাঁদের ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়।

কারখানাগুলোর মধ্যে ত্রুটিপূর্ণ ইটিপি ও বাইপাসের মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির অপরাধে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার মাল্টিফ্যাবস লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করার অপরাধে মিতালী ফ্যাশনস লিমিটেডকে ১৬ লাখ টাকা, কটন ক্লাব (বিডি) লিমিটেডকে পাঁচ লাখ টাকা, জারা নিট কম্পোজিট লিমিটেডকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও পরিবেশগত ছাড়পত্র  ছাড়া ও ইটিপি চালু না রেখে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির অপরাধে একই এলাকার প্রমা সিনটেক্স লিমিটেডকে ১৯ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আলমগীর হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কারখানাগুলোর মধ্যে কয়েকটিকে এর আগে দুই-তিনবার জরিমানা করা হয়েছিল। আগামী দিনে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে।