দূষণের দায়ে জরিমানা ইউএসটিসিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা বর্জ্যের মাধ্যমে পরিবেশের ক্ষতি সাধনের অপরাধে চট্টগ্রাম নগরের ইউএসটিসি হাসপাতালকে সাড়ে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম এ জরিমানা নির্ধারণ করেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিপুল পরিমাণ চিকিৎসা, সংক্রামক ও তরল বর্জ্য ফেলে পরিবেশ ও প্রতিবেশ দূষণ করে আসছিল ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতাল। এ কারণে তাদের জরিমানা করা হয়।
জানা গেছে, অধিদপ্তর থেকে কয়েক দফা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) দূষণ এলাকা পরিদর্শন করে তাদের নোটিশ দেওয়া হয়। তবু এসব বর্জ্য নিরসনে কোনো উদ্যোগ নেয়নি তারা। হাসপাতালটির বর্জ্যে ফয়’স লেক এলাকায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের হ্রদ ও আশপাশের পরিবেশের ক্ষতি হচ্ছিল বলে জানা গেছে।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি এখন পর্যন্ত পরিবেশ ছাড়পত্র নেয়নি বলে জানা গেছে। কোনো প্রকারের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন না করে তাদের কার্যক্রম চালাচ্ছে বলে অধিদপ্তর সূত্র জানায়। এর আগে গত ৪ জুন শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষ দু-তিন মাসের সময় প্রার্থনা করলেও পরবর্তী সময়ে তারা কোনো উদ্যোগ নেয়নি বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে ২৬ ডিসেম্বরের মধ্যে জরিমানার টাকা পরিশোধের
নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ছাড়পত্র গ্রহণ এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করে দূষণ রোধ করতে বলা হয়েছে।