দূষণের দায়ে দুটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
পরিবেশদূষণের দায়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লার দুটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ঢাকায় অধিদপ্তরের সদর দপ্তরে ইটভাটা দুটির মালিকপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে ওই অর্থ জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জের গুদারাঘাট ডিক্রিরচর এলাকায় অবস্থিত মেসার্স আবরার হোসেন অ্যান্ড কোং পরিবেশগত ছাড়পত্র ছাড়াই সনাতন পদ্ধতিতে ১২০ ফুট চিমনি দিয়ে ইটভাটা স্থাপন করে ইট উৎপাদন করে আসছিল। ওই ইটভাটাকে তিন লাখ টাকা এবং একই অপরাধে কুমিল্লার চান্দিনা উপজেলার রানীচাড়া এলাকায় অবস্থিত মেসার্স আরএন ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
শুনানি চলাকালে ইটভাটা দুটির মালিক ও প্রতিনিধিরা তাঁদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।