দূষণের দায়ে পোশাক কারখানাকে অর্ধকোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদের পানিদূষণের অপরাধে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকার একটি তৈরি পোশাক কারখানাকে অর্ধকোটি টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ি এলাকায় যমুনা গ্রুপের মালিকানাধীন যমুনা ডেনিমস লিমিটেড নামের ওই কারখানায় অভিযান চালায় অধিদপ্তরের একটি দল। সেখানে দলটি দেখতে পায়, কারখানার অপরিশোধিত ও দূষিত বর্জ্য নালা দিয়ে তুরাগে পড়ছে। পরে কারখানার কর্মকর্তাদের উপস্থিতিতে দলটি তরল বর্জ্যের নমুনা বিশ্লেষণ করে এবং তাতে প্রতি লিটারে অক্সিজেন পাওয়া যায় মাত্র ০.৬৭ মিলিগ্রাম। অক্সিজেনের এ মাত্রা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী, তরল বর্জ্যে দ্রবীভূত অক্সিজেনের আদর্শমাত্রা প্রতি লিটারে ৪.৫ থেকে ৮.০ মিলিগ্রাম। পরে অধিদপ্তরের ওই দলটি কারণ দর্শানোর নোটিশ দিয়ে কারখানা কর্তৃপক্ষকে ঢাকায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তলব করে। এরপর ঢাকায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শুনানি শেষে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরী কারখানাটিকে ৫২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে তিনি কারখানায় পূর্ণাঙ্গভাবে ইটিপি চালুর নির্দেশ দেন এবং ভবিষ্যতে ইটিপি পরিচালনায় ত্রুটি ও দূষণের ঘটনা ঘটলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কারখানার মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং কারখানা বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি।শুনানিকালে যমুনা গ্রুপের পক্ষে মো. আলমগীর আলম, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) এবং মো. গোলাম মর্তুজা, এজিএমসহ (প্ল্যানিং) অন্যরা উপস্থিত ছিলেন। তাঁরা এবারের মতো দণ্ড থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানালে তা নামঞ্জুর করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।