দূষণের দায়ে সাভারে লোহা কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা
বিষাক্ত কালো ধোঁয়া বায়ুদূষণ করে জনস্বাস্থ্যের ক্ষতি করছে—এ অপরাধে গত বুধবার ঢাকার সাভার থানার ভিভিআইপি সড়কসংলগ্ন ফজলুল হক স্টিল এন্ড রি-রোলিং মিলস লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল আকস্মিক অভিযান চালিয়ে বায়ুদূষণের এ ঘটনা উদ্ঘাটন করে। সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিশাল ওই কারখানায় বিষাক্ত কালো ধোঁয়া নিরোধকযন্ত্র বসানো হয়নি। যে কারণে কারখানার কালো ধোঁয়া আশপাশের পরিবেশকে মারাত্মক দূষিত করছে। অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, এ কারখানায় পুরোনো স্ক্র্যাপ গলিয়ে ইনগট তৈরি করা হয় এবং ইনগট থেকে লোহার রড তৈরি করা হয়। পরিবেশ অধিদপ্তর গত জানুয়ারিতে কারখানার মালিককে তিন মাসের মধ্যে বায়ুদূষণনিরোধক যন্ত্রপাতি বসাতে বললেও তা মানা হয়নি। বিজ্ঞপ্তি।