দূষণের হাত থেকে হালদা রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী ও এর সংলগ্ন জনপদকে দূষণের কবল থেকে বাঁচাতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় হালদা নদীর ওপর নির্মিত সেতুতে এসব কর্মসূচি পালিত হয়।
হালদা নদী রক্ষার এ কর্মসূচিতে অংশ নেন হাটহাজারী উপজেলার শিকারপুর, মাদার্শা ও বুড়িশ্চর ইউনিয়নের বাসিন্দারা। তাঁদের সঙ্গে সংহতি জানায় পরিবেশবাদী সংগঠন হালদা রক্ষা কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (পবা)। ‘দূষণ হটাও, পরিবেশ বাঁচাও, হালদা বাঁচাও’—স্লোগান নিয়ে সচেতন নাগরিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বায়েজিদ থেকে কুলগাঁও পর্যন্ত সব কারখানার বর্জ্য ফেলা হচ্ছে খালে। নদীর সঙ্গে যুক্ত খাল ও সংলগ্ন জনপদের জমি ও জলা পরিত্যক্ত হয়ে পড়ছে। খালের মাধ্যমে এসব বর্জ্য এসে পড়ছে হালদা নদীতে। তাঁরা বলেন, সবার অবহেলার কারণে হালদা নদী মরতে বসেছে। এ বছর হালদায় মা মাছ ডিম ছাড়েনি। এ অবস্থা চলতে থাকলে হালদা বন্ধ্যা নদীতে পরিণত হবে।
বক্তারা হালদা নদী, এর সংলগ্ন সাতটি খাল ও এলাকায় দূষণ বন্ধের দাবি জানান। নদী রক্ষার দাবিতে পরবর্তী সময়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা।
সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা গবেষক মনজুরুল কিবরিয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বুড়িশ্চর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল আলম, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন, খাঁর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।