
১৬৬৩ সালে পর্তুগিজরা চট্টগ্রাম থেকে নদীপথে ঢাকায় এসে কালীগঞ্জের পানজোরা গ্রাম আর নগরীতে দৃষ্টিনন্দন স্থাপত্যসমৃদ্ধ গির্জা নির্মাণ করেছিল। যে গির্জার অন্দর-বাইরে মিশে আছে বাঙালিয়ানার অপূর্ব ছোঁয়া। কীভাবে সমুদ্রতট থেকে দেশের এত ভেতরে আসার প্রেরণা পেয়েছিল তারা?
এর একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা হচ্ছে, ওই সময়ে বাংলাদেশ শুধু আক্ষরিক অর্থে নয়, সত্যিকার অর্থেই নদীমাতৃক ছিল। আর নদী ছিল স্বচ্ছ এবং স্বাচ্ছন্দ্যে চলাচলের উপযোগী। পর্তুগিজরা অনায়াসে সেই নদীপথ ব্যবহার করেছিল।
কিন্তু এখন?

যে নদের পাড়ে এই ‘পানজোরা’ আর ‘নাগরী’, সেই বালু নদের পানি, আয়তন কি আগের মতো আছে? না, বরং দূষণে দূষণে প্রায় মরে গেছে? বছরের পর বছর দখলে-দূষণে বালু-তুরাগ নদ এখন ক্ষীণকায়। প্রবাহ প্রায় রুদ্ধ। গতকাল শনিবার তা আবারও দেখা গেল। অন্তত ৫০ জন বিশিষ্টজন একসঙ্গে দেখলেন মৃতপ্রায় এই দুই স্রোতস্বিনীর পানি কুচকুচে কালো আর দুর্গন্ধে ভরা।
এই ৫০ জনের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিকী। গতকাল সকালে বালু নদ পারের ইছাপুরা ঘাটে তিনি উদ্বোধন করেন ঢাকার প্রাচীন স্থাপত্য ও নদ-নদী পরিদর্শন কর্মসূচির। ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির এই ভ্রমণের আয়োজন করে। ইছাপুরা ঘাট থেকে নৌযানে করে ভ্রমণ শুরু হয়। শেষ হয় বুড়িগঙ্গার চাঁদনীঘাটে এসে।
গ্রন্থ কমিটির চেয়ারম্যান হিসেবে উপাচার্য বলেন, ‘আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানেও চারদিকের জায়গা দখল হয়ে গেছে। দূষণকবলিত হয়ে আছে। ভবিষ্যৎ প্রজন্ম দোষারোপ করবে—তোমরা কেন নদী রক্ষা করতে পারলে না। তাই নদী, প্রকৃতি, স্থাপত্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

উপাচার্য যতটা বললেন, তার চেয়েও ভয়াবহ অবস্থা চোখে পড়ল, যখন একযোগে দুটি নৌযানে (ওয়াটার বোট) চলতে চলতে সবাই নদীর বর্তমান চেহারা দেখলেন। বালু, টঙ্গী খাল, তুরাগ, বুড়িগঙ্গা একে একে সব নদ-নদীকে আর চেনাই যায় না। বেশির ভাগ অংশে পানি হয়ে গেছে কুচকুচে কালো। নদী দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবেশবাদী নারায়ণ চন্দ্র বিশ্বাস বললেন, মাছ নেই, জলজ প্রাণী মরে গেছে। নদীর এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। একই কথা গবেষক নুরুদ্দীন ফাতেহপুরী, নিরু শামসুন্নাহার সবার।
ইছাপুরা থেকে ত্রিমুখ সেতু ছাড়াবার পর চলতে চলতে দেখা গেল প্রায় এক কিলোমিটার দূরে বালু নদের কিছু অংশে পানির রূপ অনেকটা ভালো। দুর্গন্ধও নেই। ৫০ জন লোক যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। এতক্ষণে বুঝি রচনা বইয়ে পড়া নৌকা ভ্রমণের আবহ এল।

কেন এখানে নদী দূষণ কম? কারণ খুঁজে দেখা গেল, নদের দুই পাশে কোনো শিল্প-কারখানা নেই। কাঁচা পায়খানা, বারোয়ারি বর্জ্য কিছুই নেই।
টঈী খালে (তুরাগের স্থানীয় নাম) চলতে গিয়ে আবারও সবার মধ্যে অস্বস্তি। এমন কোনো বর্জ্য নেই, যা নদে এসে পড়েনি। নদ পাড়ে কয়েক গজ পরপর তরল বর্জ্যের বড় নালাপথ। পড়ছে ডায়িং কারখানার রঙিন পানি, কোথাও কালো পানি। কোথাও নদ পাড়ে আটকে আছে বারোয়ারি বর্জ্যের স্তূপ। কাঁচা পায়খানার সারি। নদের বেশির ভাগ অংশে পানির রং আলকাতরার মতো।

টঙ্গী খাল থেকে আশুলিয়া অভিমুখী তুরাগ নদেও একই অবস্থা। নদে পড়া দূষিত পানির উৎসমুখ গুণে দেখা গেল এক কিলোমিটার অংশেই অন্তত ৫০টি নালা।
মাঝের সময়টি সব দর্শনার্থীর জন্যই ছিল পরম স্বস্তির। যে সময়টায় কালীগঞ্জ পানজোরা ও নাগরী গির্জায় কেটে যায়। পানজোরায় সাধু আন্তনীর তীর্থস্থান দেখে মুগ্ধ সবাই। সেখানে সব স্থাপনায় পর্তুগিজদের অপূর্ব সব স্থাপত্যকর্ম। যিশু খ্রিষ্টের ছবি ও বাণী সর্বত্র। নাগরী মিশনে রয়েছে বারান্দাবিশিষ্ট গির্জা, শিক্ষাপ্রতিষ্ঠান। ফাদার আলবিন গোমেজ বলেন, গত ফেব্রুয়ারিতে এখানে সাংস্কৃতিক আয়োজন ছিল। পবিত্র এই আয়োজনে বহু মানুষের সমাগম হয়েছিল।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ এম আহমেদ বলেন, এখানে এলে নদী দূষণ আর দখলের কথা কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়। এখানে বাংলা ভাষা নিয়ে অনেক চর্চা হয়েছিল। পর্তুগিজদের এই স্থাপত্যকর্ম বাংলাদেশকে ঋণী করে রেখেছে।
ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির সদস্য তরুণ সরকার বলেন, নদী এবং স্থাপত্যশিল্প দেখার উদ্যোগ আরও নেওয়া হবে।