ভারতের কেন্দ্রীয় সরকারের পানীয় জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাম কৃপাল যাদব বলেছেন, ত্রিপুরা থেকে যে খাল দিয়ে বাংলাদেশের আখাউড়ায় দূষিত পানি ঢুকছে, তা শিগগিরই পরিশোধন করে পাঠানো হবে। এতে দুই দেশের পরিবেশে যে বিরূপ ভাব আছে তা কেটে যাবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাম কৃপাল যাদব বলেন, ‘ভারত ও বাংলাদেশ প্রতিবেশী দুটি দেশের মধ্যে সম্পর্ক বন্ধুত্বের। ভারতের প্রধানমন্ত্রী সারা ভারতে স্বচ্ছ অভিযান শুরু করেছেন। তিনি মনে করেন, ভারতকে পরিচ্ছন্ন করা গেলে নাগরিকদের সুস্বাস্থ্য অনেকটা নিশ্চিত করা যাবে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের। বাংলাদেশ ভারতীয় অস্বচ্ছ পানিতে দূষণ হোক, এটা আমরা চাই না। ভারতীয়দের সুস্বাস্থ্যের পাশাপাশি প্রতিবেশী বন্ধুদের স্বাস্থ্যের দিকেও নজর থাকবে। ত্রিপুরার এই খালের পানি শোধন করতে ইতিমধ্যেই প্ল্যান্ট স্থাপন হয়েছে।’
এর আগে প্রতিমন্ত্রী রাম কৃপাল যাদব আখাউড়া-আগরতলা স্থলবন্দরের শূন্যরেখার ভারত অংশ থেকে দুই দেশের সীমান্তরক্ষীদের সামরিক মর্যাদায় নিজ নিজ দেশের জাতীয় পতাকা নামানো দেখেন। তিনি নিজ দেশের সীমানা থেকে খাল দিয়ে যে কালো পানি বেরিয়ে আসছে, তা-ও দেখেন। এ সময় তাঁর সঙ্গে আগরতলা জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ছিলেন। পরে প্রতিমন্ত্রী সীমান্তের শূন্যরেখায় পতাকা নামানো দেখতে আসা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে হাত মেলান ও অভিনন্দন জানান।
আখাউড়া স্থলবন্দরের পাশের খাল ও দক্ষিণ ইউনিয়নের কালিকাপুরের জাজি নদী দিয়ে দীর্ঘদিন ধরে ভারত থেকে নেমে আসছে দূষিত পানি। পানির রং কালো। গন্ধ তীব্র আর উৎকট। ১ হাজার ৫০০ হেক্টর জমিতে ধান চাষ হয় এই পানিতে। এতে উপজেলার ১৫টি গ্রামের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। এই কালো পানির প্রভাব নিয়ে গত বছরের ১১ ফেব্রুয়ারি ‘ওপার থেকে নেমে আসছে বিষাক্ত পানি’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর স্থানীয় বাসিন্দারা দুই দফায় সীমান্তের শূন্যরেখায় প্ল্যাকার্ড নিয়ে দূষিত পানি বন্ধের দাবিতে মানববন্ধন করেন।