দূষিত শহরের তালিকায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে দিল্লিকে চিহ্নিত করা হয়েছে। তালিকায় রয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা। ছবি: সিএনএন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে দিল্লিকে চিহ্নিত করা হয়েছে। তালিকায় রয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা। ছবি: সিএনএন

বিশ্বের ৯১টি দেশের এক হাজার ৬০০টি শহরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত ২০টি শহরের তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা। পরিবেশদূষণের ওপর পর্যবেক্ষণ চালিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।
গত বুধবার সিএনএন ও ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সংস্থার জরিপের ফল অনুযায়ী সবচেয়ে বেশি দূষিত ২০টি শহরের তালিকায় নারায়ণগঞ্জের অবস্থান ১৭তম। গাজীপুর ২১তম ও ঢাকা রয়েছে ২৩তম অবস্থানে। তালিকায় সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের দিল্লিকে। বাকি শহরগুলো রয়েছে পাকিস্তান ও বাংলাদেশে।
প্রতিবেদনে বলা হয়, ২০টি শহরে ক্ষতিকর পিএমটু.৫-এর মাত্রা সর্বোচ্চ। আর ২০টি শহরের মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছে ভারতে। ভারতের দিল্লিতে পিএম২.৫-এর মাত্রা পাওয়া গেছে ১৫৩ মাইক্রোগ্রামস। এটি শরীরের জন্য খুবই ক্ষতিকর। পাটনায়ও দূষণের মাত্রা যথেষ্ট বেশি। পাটনাতে পিএম২.৫-এর মাত্রা ১৪৯ মাইক্রোগ্রামস। পিএম২.৫-এর মাত্রা ২৫ মাইক্রোগ্রামস হলে তা নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। পিএম২.৫ অ্যামোনিয়া, কার্বন, নাইট্রেট ও সালফেটের ক্ষুদ্র কণা বা মাইক্রোনের একধরনের সমন্বয়। পরিবেশে এর মাত্রা বেশি থাকলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। এর ক্ষতিকর প্রভাবে ক্যানসার, উচ্চ রক্তচাপ বা শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে বেইজিংয়ের চেয়ে দিল্লিকে বেশি দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে দূষিত ২০টি শহরের তালিকায় চীনের কোনো শহর নেই। একই সঙ্গে কানাডা, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও সুইডেনের শহরগুলোতে দূষণের মাত্রা কম।