দূষিত হচ্ছে ধামরাইয়ের পরিবেশ
রাজধানীর অদূরে ধামরাইয়ের বাথুলি থেকে জালসা পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কের উভয় পাশে একসময় ছিল ফসলের মাঠ আর সবুজে ঘেরা ছোট ছোট গ্রাম। চিরচেনা সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে। ফসলের মাঠ দখল করে নিয়েছে ইটভাটা। গ্রামগুলো ঢাকা পড়েছে ধুলো ও ছাইয়ের আবরণে। এর পরও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না এসব ভাটার বিরুদ্ধে। বাথুলি থেকে জালসার দিকে দুই কিলোমিটার এগোলেই হাতের বায়ে মেসার্স বন্ধু ব্রিকস। এ বছর থেকেই এই ভাটায় ইট পোড়ানোর কাজ শুরু হবে। ইতিমধ্যে ইট পোড়ানোর চুল্লি, চিমনিসহ ভাটার ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এতে দখল হয়ে গেছে অন্তত ২০ বিঘা উর্বর ফসলি জমি, যেখানে সারা বছরই উৎপাদন করা হতো ধানসহ অন্যান্য অর্থকরি ফসল। অথচ আইনে বসতবাড়ির আশপাশে ও উর্বর ফসলি জমিতে ইট পোড়ানো নিষিদ্ধ।শুধু বন্ধু ব্রিকসই নয়, তিন কিলোমিটার দীর্ঘ ওই সড়কের উভয় পাশে রয়েছে আটটি ইটভাটা। এর মধ্যে এ বছরই স্থাপন করা হয়েছে ছয়টি। জেলা প্রশাসকের অনুমতি, পরিবেশের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্রই পাওয়া যায়নি নতুন এসব ভাটায়।জালসার কেএসবি ব্রিকসের ব্যবস্থাপক মো. আসলাম জানান, অনুমতিসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই এ বছর ভাটার কার্যক্রম শুরু করেছেন তাঁরা। কিন্তু তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গত বছরের হিসাব অনুযায়ী ধামরাইয়ে ইটভাটার সংখ্যা ৮০টি। এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র ৩১টির। বাকিগুলোর কোনো অনুমোদন নেই। ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে ভাটার সংখ্যা ১০৫টি বলে জানানো হয়েছে। এর মধ্যে এ বছর হয়েছে ৩৫টি। ধামরাইয়ের কালামপুর থেকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পর্যন্ত নয় কিলোমিটার সড়কের উভয় পাশেও রয়েছে অন্তত ১৫টি ইটভাটা। এসব ইটভাটাও স্থাপন করা হয়েছে উর্বর ফসলি জমি আর বসতবাড়ির আশপাশে।ইটভাটার জন্য দুই একরের বেশি জমি ব্যবহার করা যাবে না; উর্বর কৃষিজমি, দুই ফসলি ও তিন ফসলি জমি থেকে ইট তৈরির কাঁচামাল সংগ্রহ করা যাবে না; যে স্থান থেকে মাটি কাটা হবে, ওই স্থানকে যথাসম্ভব পাড়বিশিষ্ট পূর্ণাঙ্গ পুকুরে পরিণত করতে হবে, যাতে মাছ চাষ করা যায়। পরিবেশ অধিদপ্তর থেকে এসব শর্তসহ ২০টি শর্ত দেওয়া হয়েছে ওই সড়কের পাশে নবগ্রাম এলাকার ‘ওয়ান ব্রিকস’ লিমিটেডকে। কিন্তু ওই ভাটায় এসব শর্তের অধিকাংশই পালন করা হচ্ছে না।জালসা গ্রামে দোয়েল ব্রিকসের অবস্থান ঘনবসতিপূর্ণ এলাকায় ও উর্বর ফসলি জমির ওপর। কোনো অনুমতিও নেই। ভাটার মালিকদের একজন আবদুর রহমান জানান, জেলা প্রশাসক আর পরিবেশ অধিদপ্তরে আবেদন করে ভাটার কাজ শুরু করা হয়েছে। অনুমোদন ও ছাড়পত্র পাওয়া যায়নি।অনুমোদ ছাড়া ভাটা নির্মাণ করলেন কেন—এমন প্রশ্নের জবাবে আবদুর রহমান বলেন, ‘সবাই করে, তাই আমরাও করেছি।’ কোনো ঝামেলা হয় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ভাটা মালিক সমিতিকে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা দেই। কোনো ঝক্কিঝামেলা এলে ওই টাকা দিয়ে তাঁরা সামাল দেন।’ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ম মেনে কোনো ইটভাটা করা সম্ভব নয়। পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যতটুক সম্ভব সেদিকে খেয়াল রাখা হয়।চাঁদা নেওয়ার বিষয়ে তিনি বলেন, যেকোনো প্রতিষ্ঠান চালাতে টাকার প্রয়োজন হয়। এ জন্যই চাঁদা আদায় করা হয়।সাধারণ সম্পাদক আবদুর রশীদ জানান, ধামরাইয়ে ইটভাটার সংখ্যা ১০৫টি। এর মধ্যে এ বছর নতুন হয়েছে ৩৫টি, যার অধিকাংশেরই অনুমোদন নেই। তবে অনুমোদনের অপেক্ষায় আছে।ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা হোসেন বলেন, ‘আমার জানামতে, গত বছর উপজেলায় ইটভাটা ছিল ৮০টি। এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র ৩১টির। এসব ইটভাটা স্থাপনের ক্ষেত্রে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।