নারায়ণগঞ্জে উদ্ধার লাশটি দৃক গ্যালারির কর্মকর্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইহসানুল ইসলাম
ইহসানুল ইসলাম

ঢাকার দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইহসানুল ইসলামের (৪২) লাশ আজ রোববার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে শনাক্ত করেছেন তাঁর ভাই নওশাদুল ইসলাম ও প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান।
ময়নাতদন্তের পর চিকিৎসকেরা জানিয়েছেন, ইহসানুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার ও দৃক গ্যালারির কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির ডাচ-বাংলা ব্যাংকের একটি শাখা থেকে টাকা তোলার পর নিখোঁজ হন ইহসানুল ইসলাম। এর পর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আজ দুপুর ১২টার দিকে পরিবার ও দৃক গ্যালারির কর্মকর্তারা হাসপাতালে গিয়ে ইহসানুল ইসলামের লাশ শনাক্ত করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান ময়নাতদন্ত করেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, শ্বাসরোধ করে তাঁকে (ইহসানুল ইসলাম) হত্যা করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
দৃক গ্যালারির মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ইহসানুল ইসলামের লাশ শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, শনিবার দুপুর ১২টার দিকে ডাচ-বাংলা ব্যাংক থেকে সাড়ে তিন লাখ টাকা তোলার পর থেকেই নিখোঁজ ইহসানুল ইসলাম। এর পর তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডের পাশে জালকুড়ি এলাকায় গতকাল শনিবার বিকেলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরনে হলুদ পাঞ্জাবি ও সাদা প্যান্ট ছিল। আজ পরিবার লাশ শনাক্ত করেছে। এ ব্যাপারে পুলিশ গতকাল শনিবার অপমৃত্যুর মামলা করেছে।
রফিকুল ইসলাম বলেন, কারা কী কারণে ইহসানুল ইসলামকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অজ্ঞাত লাশ উদ্ধার-সংক্রান্ত একটি খবর গতকাল শনিবার প্রথম আলো অনলাইন ও আজ রোববার প্রিন্টে ছাপা হয়েছে।

আরও পড়ুন: