দৃকে দেশ আর দেশের মানুষ নিয়ে প্রদর্শনী
শীতের সন্ধ্যায় ধানমন্ডির দৃক গ্যালারিতে ঘুরতে এসেছেন দুই বন্ধু—সাদ্দাক মাহমুদ ও জহিরুল ইসলাম। দুজনই বস্ত্র প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। চিত্রকর্মের প্রতি বিশেষ দুর্বলতা আছে তাঁদের। আর সেই টানেই মঝেমধ্যে ব্যস্ত নাগরিক জীবনে একটু বৈচিত্র্য খুঁজতে বিভিন্ন গ্যালারিতে তাঁদের আসা-যাওয়া। গতকাল রোববার একটু অবসর পেতেই চলে এসেছিলেন দৃকে। এখানে চলছে পাঁচ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী। দুই বন্ধু ঘুরে ঘুরে ছবি দেখছেন, নিজেদের মতো করে ভাবছেন ছবি নিয়ে।ধানমন্ডির দৃক গ্যালারিতে গত শুক্রবার থেকে চলছে পাঁচ দিনব্যাপী এই চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন। সি-জোন আর্ট স্কুলের ১৪ বছর পূর্তি উপলক্ষে এ চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়।সি-জোনের ষষ্ঠ এ প্রদর্শনীতে ৬৯ জন শিল্পী অংশ নিয়েছেন। এঁরা সবাই এ স্কুলের শিক্ষার্থী।আয়োজকদের পক্ষে শিল্পী সাদিয়া সোবহান জানান, প্রদর্শনীর জন্য প্রথমে অনেক ছবি এঁকেছেন শিল্পীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দুজন শিক্ষক সমরজিত্ রায় চৌধুরী ও আবুল বারক আলভি এই ছবিগুলোর মধ্য থেকে বিচার করে মোট ১৫০টি ছবি নির্বাচন করেন। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্য থেকে ১৭ জন শিল্পীকে পুরস্কার দেওয়া হয়েছে।তেলরং, অ্যাক্রেলিক, কালি ও কলম, কোলাজসহ বিভিন্ন মাধ্যমে ছবি এঁকেছেন শিল্পীরা। এতে মূর্ত, আধাবিমূর্ত ও বিমূর্ত ধারার কাজই স্থান পেয়েছে। রঙের বৈচিত্র্যও বিশেষভাবে চোখে পড়ে। অনেকেই তুলিতে বাংলার অপরূপ নিসর্গ ও মানুষের জীবনযাপনের নানা অনুসঙ্গ তুলে এনেছেন। প্রদর্শনী চলবে কাল মঙ্গলবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।