দৃশ্যমান হচ্ছে ১০০ ফুট খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িল বিশ্বরোড থেকে বালু নদ পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ের (৩০০ ফুট) দুই পাশে ১০০ ফুট চওড়া খাল খননের কাজ চলছে। খালের পাশে চলছে হাঁটার পথ নির্মাণের কাজ। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
কুড়িল বিশ্বরোড থেকে বালু নদ পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ের (৩০০ ফুট) দুই পাশে ১০০ ফুট চওড়া খাল খননের কাজ চলছে। খালের পাশে চলছে হাঁটার পথ নির্মাণের কাজ। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

শহরের কাছাকাছি দূরত্বে একটু খোলামেলা পরিবেশে বেড়ানোর জন্য পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট) সড়কটি নগরবাসী, বিশেষ করে তরুণদের কাছে আকর্ষণীয় স্থান। এখানকার যানজটমুক্ত চওড়া রাস্তা, দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তর, উন্মুক্ত আকাশের সঙ্গে যুক্ত হচ্ছে ১০০ ফুট চওড়া খাল।
গত জুলাই মাসে কুড়িল বিশ্বরোড থেকে বালু নদ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের দুপাশে ১০০ ফুট চওড়া খাল খননের কাজ শুরু হয়। এর মধ্যেই তা দৃশ্যমান হতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা গেছে, খনন করা কোনো কোনো অংশে পানি বেশি থাকায় তা এখনই পুরোদস্তুর খালের অবয়ব পেয়ে গেছে।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খালটির গভীরতা দাঁড়াবে ২৫ ফুট। তবে নিছক সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়; বর্ষা মৌসুমে ঢাকার নিকুঞ্জ, বারিধারা, জোয়ারসাহারা, ডিওএইচএস, সেনানিবাস, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাঁদপুরসহ বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্যই এই খাল কাটা হচ্ছে।
প্রকল্পে ১০০ ফুট খাল ছাড়াও প্রায় সাড়ে ১৩ কিলোমিটার সড়ক, ৩৯ কিলোমিটার ওয়াকওয়ে, চারটি ইউলুপ, খালের ওপর ১৩টি সেতু, চারটি পদচারী-সেতু ও পাঁচটি স্লুইসগেট নির্মাণ করা হবে। সব মিলিয়ে প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, তেমনি সৌন্দর্যের ক্ষেত্রেও তা যোগ করবে আলাদা মাত্রা। ২০১৮ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। খরচ হচ্ছে ৫ হাজার ২৮৬ কোটি টাকা। এর মধ্যে ৯০ একর ভূমি অধিগ্রহণে ব্যয় হচ্ছে ৪ হাজার ৩৩৪ কোটি টাকা। অধিগ্রহণের কাজ এর মধ্যেই শেষ হয়েছে। এই হিসাবে প্রতি শতক জমির দাম পড়েছে ৪৮ লাখ টাকার বেশি। এ ছাড়া একটি পাম্প হাউস ও ১২টি ওয়াটার বাসস্টপ ছাড়াও ৪ দশমিক ৭ কিলোমিটার স্টর্ম স্যুয়ার লাইন নির্মাণ করা হবে বলে প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন। এর সঙ্গে এক্সপ্রেসওয়ে থেকে দুপাশেই ৬ মিটার সার্ভিস সড়ক থাকবে। এরপর ৩ মিটার প্রশস্ত হাঁটাপথের পর থাকবে ১০০ ফুট খাল। খালের ওপারে আবার ২ মিটার হাঁটাপথ ও ৬ মিটার সার্ভিস রোড থাকবে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে একনেকে প্রকল্পটি পাস হয়।
গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা কনভেনশন সিটির আগে থেকে ৩০০ ফুট সড়ক ধরে বালু নদ পর্যন্ত গিয়ে দেখা যায়, বাঁ পাশের পুরো অংশে খাল খননের প্রাথমিক ধাপ শেষ হয়েছে। সার্ভিস রোড-সংলগ্ন এক পাশের পাড় বাঁধাই করা। অন্য পাড়েও মাটি ফেলে ওয়াকওয়ে বানানোর কাজ চলছে। এই অংশে অধিগ্রহণ করা জায়গার প্রায় পুরোটা এখন দখলমুক্ত।
আবার বালু নদ থেকে অন্য পাশের সড়ক ধরে আসতেও দেখা গেল একই দৃশ্য। জায়গায় জায়গায় খননকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, যানবাহনের সারি, তুলে আনা মাটির স্তূপ। আর খনন করা জায়গার কোথাও কোথাও পানি জমে এর মধ্যেই খালের আকার পেয়ে গেছে। তবে এই অংশে অধিগ্রহণ করা জায়গা থেকে দু-একটি স্থাপনা এখনো সরিয়ে নেওয়া হয়নি।
প্রকল্পের রাজউক অংশের পরিচালক মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক পর্যায়ে যতটুকু কাজ হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। এবারের বর্ষা মৌসুম দীর্ঘায়িত হওয়ার কারণে কাজে কিছুটা সমস্যা হয়েছে। আপাতত কাজ বন্ধ আছে। দ্রুত দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে।’
অধিগ্রহণ করা জায়গায় এখনো কিছু স্থাপনা থেকে যাওয়া প্রসঙ্গে রাজউকের এই প্রকৌশলী বলেন, ‘এসব ভবনের মালিকেরা আমাদের কাছে কিছুদিন সময় চেয়েছেন। পয়লা নভেম্বর এই সময়সীমা শেষ হবে।’