দৃষ্টান্ত হয়ে থাকবে রাজন রাকিব হত্যার বিচার

সিলেটের সবজিবিক্রেতা শিশু শেখ সামিউল আলম রাজন (১৪)। আরেক শিশু খুলনায় গ্যারেজ-কর্মী রাকিব (১২)। দুজনকেই হত্যা করা হয় নৃশংসভাবে। রাজনকে গত বছরের ৮ জুলাই আর রাকিবকে ৩ আগস্ট হত্যা করা হয়। ভিন্ন এলাকায়, ভিন্ন তারিখে, ভিন্ন কারণে এই দুই শিশুর হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে।
অবশ্য এই হত্যার বিচারের রায় হয় একই দিনে, গত বছরের ৮ নভেম্বর। ১৭ কার্যদিবসে রাজন হত্যার বিচার শেষ হয়। চারজনকে ফাঁসির আদেশ দেন আদালত।
রাকিব হত্যার রায়ে লাগে আরও কম সময়। মাত্র ১০ কার্যদিবস। ফাঁসির রায় দেওয়া হয় দুজনের বিরুদ্ধে।
স্বল্প সময়ের মধ্যে এই বিচার দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে মন্তব্য আইনবিদ ও অপরাধ বিজ্ঞানীদের। বহুল আলোচিত এ দুটি হত্যাকাণ্ডের এ দণ্ডাদেশকে দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণার নজির বলে রায়ের দিন মন্তব্য করেছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সমাজে অপরাধ কমানোর জন্য দ্রুত বিচার সম্পন্ন করাই বর্তমানে অন্যতম স্বল্পমেয়াদি সমাধান। তাঁর মতে, অপরাধপ্রবণতা দ্রুত সময়ের মধ্যে কমিয়ে আনা কঠিন। ফলে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে সেগুলো সমাজে অপরাধপ্রবণতা কমাতে সহায়ক হবে।
জিয়া রহমান বলেন, বিচারের দীর্ঘ সময় লাগার অন্যতম কারণ হচ্ছে তদন্তের ধীরগতি। রাকিব ও রাজন হত্যার ঘটনায় পুলিশ প্রমাণ করেছে তাদের সদিচ্ছা থাকলে দ্রুত তদন্ত করা সম্ভব। রাজনের হত্যাকারীকে স্বল্প সময়ের মধ্যে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়েছে। এর থেকে প্রমাণ হয় তাদের পক্ষে ন্যায়বিচারের সহায়ক শক্তি হিসেবে কাজ করা সম্ভব। তবে এর জন্য পুলিশের সদিচ্ছার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। রাজন ও রাকিবের ক্ষেত্রে সেটা ছিল বলেই বিচার সম্ভব হয়েছে।
চুরির অপবাদে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। ঘটনার দৃশ্য ধারণ করে নির্যাতনকারীরা ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। এরপর সারা দেশে এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে।
রাজন হত্যার রেশ কাটতে না কাটতেই খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের গ্যারেজে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ায় ব্যবহৃত কমপ্রেসর মেশিনের নল রাকিবের মলদ্বারে দিয়ে শরীরে বাতাস ঢোকানো হয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে ওই দিন রাতেই মারা যায়।