দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, তদন্ত চাইল রফিকুলের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী হাওয়া আকতার ওরফে জুঁইয়ের হাতের আঙুল কেটে নেওয়ায় তাঁর স্বামী রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে অভিযুক্ত রফিকুল ইসলামের পরিবার।প্রথম আলো বন্ধুসভা নরসিংদীর সদস্যরা গতকাল বৃহস্পতিবার এক মানববন্ধন করে এ দাবি করেন। মানববন্ধন কর্মসূচিতে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বন্ধুসভার বন্ধুরাও অংশ নেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচদোনা চৈতাব এলাকায় গতকাল বিকেলে অনুষ্ঠিত বন্ধুসভার মানববন্ধনে বক্তারা বলেন, নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে হবে। একজন নারী যে হাত দিয়ে লেখাপড়া করতেন, সেই হাতের আঙুল যিনি কেটে নিয়েছেন, তিনি পুরুষ নন, পশু। তাঁরা হাওয়া আকতারের স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, ঢাকা বন্ধুসভার সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান, আনিসুজ্জামান, সজিব মিয়া, সাজ্জাদ হোসেন, নরসিংদী বন্ধুসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উৎপল রায়, আবু সাইদ, রুবেল মিয়া প্রমুখ।গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নূরজাহানপুর গ্রামে রফিকুলের বাড়িতে গিয়ে দেখা যায়, রফিকুলের মা রাবেয়া খাতুন (৪৫) বিছানায় শুয়ে কাঁদছেন। পাশে বিমর্ষ রফিকুলের একমাত্র ছোট বোন (১৫)।সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে রফিকুলের মা বলেন, ‘আমার ছেলে অবশ্যই অপরাধ করেছে। আইন অনুযায়ী আমরাও তাঁর শাস্তি চাই। কিন্তু প্রেম করে বিয়ে করার পর প্রকৃতপক্ষে কী কারণে আমাদের ছেলে তাঁর বউয়ের হাতের আঙুল এমন নৃশংসভাবে কেটে ফেলেছে, সেটিরও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’রাবেয়া খাতুন জানান, পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে রফিকুল। তিনি দূরসম্পর্কের আত্মীয় হাওয়া আকতারকে প্রেম করে বিয়ে করেন। এ বিয়ে তাঁরা প্রথমে মেনে না নিলেও একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে পরে তা মেনে নেন। বিয়ের মাত্র পাঁচ-ছয় মাস পর রফিকুল বিদেশে চলে যান।দশম শ্রেণীতে পড়ুয়া রফিকুলের বোন বলে, ‘ভাবি আমাদের বাড়িতে এসে সারাক্ষণই মুঠোফোনে তাঁর বন্ধুদের সঙ্গে আলাপ করতেন। বন্ধুদের বলতেন, “আমার স্বামী কম শিক্ষিত। বাড়ির পরিবেশও ভালো না। তার সঙ্গে আমি কীভাবে ঘর করব?”’রাবেয়া খাতুন জানান, গ্রেপ্তারের পর ছেলের সঙ্গে দেখা করতে তিনি জেলহাজতে গিয়েছিলেন। এ সময় রফিকুল তাঁকে বলেছেন, ‘আম্মা, ও (হাওয়া) কলেজে পইড়া ওর চোখ-কান খুইল্যা গেছে, অনেক বন্ধু জুটেছে। সে নাকি আমার মতো মূর্খ স্বামীরে ডিভোর্স দিব। তাই জিদ কইরা তার আঙুলগুলো কাইট্যা দিছি, যাতে ও আর কারও কাছে বিয়া বইতে না পারে।’ রফিকুলের বাবা বাতেন মিয়া (৫৫) বলেন, ‘এ ঘটনায় আমাদের ছেলের যে শাস্তিই হোক, আমরা আমাদের বউমাকে ফিরিয়ে এনে বউয়ের মর্যাদা ও সম্মান দিয়ে বাড়িতে রাখতে চাই।’