বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর ঘটনায় জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার এক বিবৃতিতে টিআইবি এ দাবি জানিয়েছে।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আপামর ক্রিকেটপ্রেমীদের মতো টিআইবিও দেশের জন্য সম্মানহানিকর এবং কলঙ্কজনক ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। খেলার মাঠে বা বাইরে ক্রিকেটারদের সম্ভাব্য অসদাচরণের ঝুঁকি ছাড়াও অপরাপর ঝুঁকিও সমানভাবে গুরুত্বপূর্ণ। অপরাপর ঝুঁকির মধ্যে আছে বোর্ড, ব্যবস্থাপনা, স্পনসরশিপ, বিজ্ঞাপন ও প্রচারণার সঙ্গে জড়িত সব মহলের পেশাদারির ঘাটতি, স্বার্থের দ্বন্দ্ব, রাজনৈতিক, ব্যবসায়িক ও প্রশাসনিক প্রভাব, স্বজনপ্রীতি এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের মতো অনিয়মের বিষয়গুলো।
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখা ও এ জনপ্রিয় ও অপার সম্ভাবনাময় খেলায় সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করে এ দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী মানুষের আস্থা পুনরুদ্ধারে উদ্যোগী হবে।’
বিশ্বজুড়ে ক্রিকেট ও ফুটবল খেলায় জুয়াড়িদের সহায়তায় ম্যাচ পাতানোর ঘটনাগুলো ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ডিসেম্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কিছু পরামর্শ দিয়েছিল। তারই ধারাবাহিকতায় টিআইবি এক চিঠির মাধ্যমে বিসিবিকে দেশের ক্রিকেটাঙ্গনকে কলুষমুক্ত রাখার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিল। বিজ্ঞপ্তি।