দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নাদিরা আক্তারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার শাজাহান হাবিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার এলাকাবাসী বিক্ষোভ করেছে। একই দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা গতকাল থেকে দুই দিনের কর্মবিরতি পালন করছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা হাবিবের দ্রুত বিচারের দাবি জানান। তাঁর ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ ছাড়া শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভেতরে কালো ব্যাজ ধারণ করেন। নাদিরার হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দেশের প্রচলিত আইনে আমরা নাদিরার হত্যাকারীর দ্রুত ও সর্বোচ্চ বিচার দাবি করছি। আশা করি আমাদের এই দাবি পূরণ হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, নাদিরার বাড়ি শহরতলির গংসার মোড় এলাকায়। গত বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তার ফুপাতো ভাই হাবিব তাকে অপহরণ করে বলে অভিযোগ রয়েছে। নাদিরাকে পরে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় শুক্রবার নাদিরার বাবা মো. ইউনুছ মিয়া বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হাবিবের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হাবিব ময়মনসিংহ-৯ আসনের সাংসদ আনোয়ারুল আবেদিনের পারিবারিক গাড়ি চালাতেন।