চট্টগ্রামের হাটহাজারী উপজেলার প্রিমিয়ার পাবলিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আতিকুল্লাহ চৌধুরী (৮) হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার আমানবাজার-কাপ্তাই সড়কে বিদ্যালয়ের সামনে মানববন্ধনে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযাগ করেন, এক ভণ্ড বৈদ্যের অপচিকিৎসার শিকার হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তাঁরা বৈদ্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বখতেয়ার উদ্দিন, চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, স্থানীয় সংগঠন আলোকিত সমাজের আহ্বায়ক মো. ইউসুফ মিয়া, হাটহাজারী থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী, বিএনপির নেতা কাউনাইন চৌধুরী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, রোজী আক্তার ওরফে বাচু নামের এক ভণ্ড বৈদ্য শরীর থেকে জিন তাড়ানোর নামে স্কুলছাত্র আতিক উল্লাহর ওপর তেল পড়া, জবাফুল খাওয়ানোসহ বিভিন্ন অপচিকিৎসা করেন। গভীর রাতে তাকে ঠান্ডা পানিতে গোসলও করান ওই বৈদ্য। এসব অপচিকিৎসার শিকার হয়ে ৪ নভেম্বর মারা যায় আতিক। ঝাড়ফুঁক, অপচিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।