দৃষ্টি এখন ৫৭৩-এ
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার নির্বাচন ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনে একটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় কে হচ্ছেন নবগঠিত পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র, তা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুউদ্দিন ৩২০ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন। এ অবস্থায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই মেয়র পদপ্রার্থী দিন গুনছেন স্থগিত হওয়া ভোটকেন্দ্রের ৫৭৩ ভোটের জন্য। তাঁরা চাতক পাখির মতো তাকিয়ে আছেন পৌর এলাকার ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দিকে। এ নিয়ে ভোটারদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। জানা গেছে, ১৮ জানুয়ারি সকাল নয়টা তিন মিনিটে এবং দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর নেতা-কর্মীরা প্রথম দফায় ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে সিল মারেন। তাঁরা ব্যালট পেপার ছিনতাইও করেন। দ্বিতীয় দফায়ও ব্যালট বাক্স ছিনতাই করা হয়। একই সঙ্গে তাঁরা ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলমকে একটি কক্ষের ভেতরে ঢুকিয়ে মারধর করেন। এ অবস্থায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা ওই ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট পৌরসভার ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টির ফল ঘোষণা করা হয়। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. সামছুউদ্দিন পেয়েছেন পাঁচ হাজার ৪২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ কে এম নুরুল আফছার পেয়েছেন পাঁচ হাজার ১০৯ ভোট। স্থগিত হওয়া ওই ভোটকেন্দ্রে ৫৭৩ জন ভোটারের মধ্যে ২৯৩ জন নারী ও ২৮০ জন পুরুষ ভোটার রয়েছেন। নাঙ্গলকোটের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত ওই কেন্দ্রের ভোট গ্রহণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।’