দৃষ্টি ক্ষীণ, তবু এগিয়ে যাওয়ার স্বপ্ন মিথুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহপাঠীদের মতো স্বাভাবিকভাবে দেখতে পারে না মিথুন আক্তার। মাত্র তিন ইঞ্চি দূরের জিনিস দেখতে পায় সে। এই ক্ষীণদৃষ্টি নিয়েই লেখাপড়া করে এগিয়ে চলার স্বপ্ন দেখছে মিথুন।

মিথুন আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংগারদিঘী গ্রামের দিনমজুর বিল্লাল হোসেনের মেয়ে ও সিংগারদিঘী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

মিথুনের পরিবার সূত্র জানায়, মিথুন পরিবারের বড় মেয়ে। চোখের স্বাভাবিক দৃষ্টি তার নেই। লেখা পড়তে বা কোনো কিছু দেখতে তার চোখের তিন ইঞ্চির মধ্যে তা রাখতে হয়। দুই ভাই, দুই বোন ও মা-বাবা মিলে ছয়জনের সংসারে অভাব এক দিনের জন্যও পিছু ছাড়েনি তাদের। তবে দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মিথুন আক্তার ‘অসম্ভব’ কিছুতে বিশ্বাস করতে চায় না।

ছয় বছর বয়সে পরিবার মিথুনকে পড়াশোনা না করানোর সিদ্ধান্ত নিয়েছিল। পরে প্রতিবেশীদের কয়েকজন তার পরিবারকে বুঝিয়ে পড়াশোনা অব্যাহত রাখেন। শিক্ষকদের সহায়তায় তার খাতা-কলম কেনা হতো। ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফল করায় সে অনেকের দৃষ্টি কাড়ে। একই ধারাবাহিকতায় ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ১৫ পায়। এই উৎসাহে বাবা-মা পরিবারের অন্য সন্তানদেরও স্কুলে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তার ছোট ভাইও স্কুলে যাচ্ছে।

সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ক্লাসের নির্দিষ্ট একটি স্থানে আলোর নিচে বসে পরীক্ষা দিচ্ছে মিথুন আক্তার। পরীক্ষা শেষে ক্লাসের অন্য সহপাঠীরা তাকে চলার ক্ষেত্রে সহায়তা করছে। সে-ও তাল মিলিয়ে চলছে।

বিল্লাল হোসেন বলেন, ‘সব সন্তানকেই আমি পড়াশোনা করাব। বড় মেয়েটি চিকিৎসক হবে বলে স্বপ্ন দেখছে। চোখ ভালো না, টাকা নেই, খাবার নেই—এই অবস্থায় সন্তানের স্বপ্নপূরণের আশা আমাকে খুব ভাবাচ্ছে। আমার পাঁচ বছর বয়সী মেয়ে রামিনও বড় মেয়ের মতো একই সমস্যায় ভুগছে। চোখের ডাক্তার দেখানো হয়েছে অনেকবার। উন্নত চিকিৎসায় আমার দুই মেয়ে পূর্ণ দৃষ্টি ফিরে পাবে—এমনটাই বলেছেন ডাক্তার। কিন্তু চিকিৎসার ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব না।’ বিল্লাল আরও বলেন, বর্তমানে চিকিৎসকের পরামর্শে প্রতি সপ্তাহে ৬০০ টাকার ওষুধ কিনতে হয় মিথুনের জন্য। পরিবারের জন্য খাবার জোগানোর পাশাপাশি প্রতি সপ্তাহে ওষুধ কেনা তাঁর পক্ষে সম্ভব হয় না।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুবিশেষজ্ঞ বিপ্লব কুমার জানান, কেউ যদি দুই মিটারের বেশি দূরের জিনিস অস্পষ্ট দেখে, তাহলে বুঝতে হবে তিনি মাইয়োপিয়া বা ক্ষীণদৃষ্টিগত ত্রুটিতে ভুগছেন।

সিংগারদিঘী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এক ঈদে কাপড় পেলে অন্য ঈদে বড়জোর এক জোড়া রাবারের সেন্ডেল, এর বেশি ভাবতে পারে না মিথুন। তার ওপর জন্ম থেকে দৃষ্টিশক্তিতে অপূর্ণতা। তবু তার স্বপ্ন দেখা থামেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান বলেন, মিথুন স্কুলের নিয়মিত ও মনোযোগী শিক্ষার্থী। স্বল্প আলোতে কোনো কিছু দেখতে তার সমস্যা হওয়ায় তার জন্য আলাদা বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া বিদ্যালয়ের খরচও তার জন্য মওকুফ করা হয়েছে।